লায়ন্স ইন্টারন্যাশনালের অক্টোবর সার্ভিস উপলক্ষে খুলনায় বর্ণাঢ্য র্যালি, স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ ও মশক নিধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২ অক্টোবর) সাড়ে ৯টায় খুলনা প্রেস ক্লাব প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র্যালি বের হয়। প্রধান অতিথি হিসেবে র্যালির উদ্বোধন করেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু। এতে লায়ন্স ইন্টারন্যাশনালের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, সদস্য ও স্বেচ্ছাসেবীরা অংশগ্রহণ করেন।
র্যালি শেষে মানবসেবা, পরিবেশ সংরক্ষণ ও জনস্বাস্থ্য সুরক্ষার লক্ষ্যে স্বেচ্ছায় রক্তদান, বৃক্ষরোপণ এবং মশক নিধন কর্মসূচি পরিচালনা করা হয়। খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাব, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাব, পাটগ্রাম কসবা লায়ন্স ক্লাব ও খুলনা ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের যৌথ উদ্যোগে এসব কর্মসূচি বাস্তবায়ন করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মোঃ তারিকুল ইসলাম। বক্তৃতা করেন, কেসিসি’র ২২ নম্বর ওয়ার্ডের ভারপ্রাপ্ত কাউন্সিলর হাবিব শেখ।
এ সময় উপস্থিত ছিলেন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন ডা. তরিকুল ইসলাম, ম্যানগ্রোভ লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন গবেষক মীর মোঃ কবির হোসেন, খুলনা পাটগ্রাম কসবা লায়ন্স ক্লাবের ভাইস প্রেসিডেন্ট লায়ন সঞ্চিতা দে, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের প্রেসিডেন্ট লায়ন মোসাম্মাৎ আনোয়ারা পারভিন, খুলনা সুন্দরবন লায়ন্স ক্লাবের চার্টার্ড সেক্রেটারি লায়ন দিলারা নাসরিন, খুলনা মেট্রোপলিটন লায়ন্স ক্লাবের চার্টার্ড প্রেসিডেন্ট লায়ন শামীমা সুলতানা শীলু, লায়ন এম. এ. আউয়াল রাজ, মদিনা মনোয়ারা, নুরুন্নাহার, শাহিন হাওলাদার প্রমুখ।
প্রধান অতিথির বক্তব্যে নজরুল ইসলাম মঞ্জু বলেন, দেশের এই সময়ে মানুষের পাশে দাঁড়িয়ে লায়ন্স ক্লাব যেভাবে মানবসেবামূলক কার্যক্রম পরিচালনা করছে, তা অত্যন্ত প্রশংসনীয়। রক্তদান, বৃক্ষরোপণ ও জনস্বাস্থ্য সুরক্ষামূলক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। তিনি ভবিষ্যতেও লায়ন্স ক্লাবের জনকল্যাণমূলক কার্যক্রমে সহযোগিতার আশ্বাস দেন।
খুলনা গেজেট/উউরা









































