বছরের অধিকাংশ সময় মাঠে থাকে পানি

গভঃ ল্যাবরেটরি হাইস্কুলে বন্ধ খেলাধুলা, হচ্ছে না অ্যাসেম্বলি

একরামুল হোসেন লিপু

নগরীর খানজাহান আলী থানার তেলিগাতী কুয়েট রোডে অবস্থিত ঐতিহ্যবাহী গভঃ ল্যাবরেটরি হাইস্কুল। বিদ্যালয়টিতে সহস্রাধিক শিক্ষার্থী পড়াশুনা করে। খেলাধুলার জন্য রয়েছে বড় একটি মাঠ। যেখানে বছরের অধিকাংশ সময় পানি জমে থাকে। এতে বন্ধ রয়েছে সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলা, নীতি-আদর্শ, নৈতিকতা ও শৃঙ্খলা শেখানোর জন্য শিক্ষার্থীদের অ্যাসেম্বলি কার্যক্রম। দীর্ঘদিন অ্যাসেম্বলি বন্ধ থাকায় শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলার অভাব দেখা দিয়েছে বলে অভিমত শ্রেণি শিক্ষকদের। মাঠের পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় গত পাঁচ বছর ধরে এ অবস্থা বিরাজ করছে।

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক, মোঃ আবু হানিফ বলেন, বছরের অধিকাংশ সময় মাঠে পানি জমে থাকায় শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রম, খেলাধুলার পাশাপাশি অ্যাসেম্বলি কার্যক্রম বন্ধ রয়েছে। প্রতিদিন ক্লাস শুরু হওয়ার পূর্বে আমরা শিক্ষার্থীদের অ্যাসেম্বলি করায়। যেটা তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। এর মাধ্যমে তাদেরকে নীতি, আদর্শ, নৈতিকতা, শৃঙ্খলাসহ যাবতীয় নৈতিক শিক্ষা প্রদান করা হয়।

তিনি বলেন, বিদ্যালয়ের সীমানা বরাবর খুলনা প্রকৌশলী প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (কুয়েট) কর্তৃপক্ষ সম্প্রসারিত ক্যাম্পাস বালি দিয়ে উঁচু করার ফলে স্বাভাবিক পানি নিষ্কাশনের পথ বন্ধ হয়ে যায়। এ কারণে প্রতিবছর বর্ষা মৌসুমে প্রতিষ্ঠানে পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হচ্ছে। এছাড়া বর্ষা মৌসুমে পার্শ্ববর্তী এলাকার ড্রেনের ময়লা পানি প্রতিষ্ঠান এবং মাঠে জমা হয়। মাঠে ২/৩ ফুট বালু দিয়ে উঁচু করলে এ দুরবস্থা থেকে রেহাই পাওয়া যেত। বিষয়টি কর্তৃপক্ষকে অবহিত করেছি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন