প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফরে বাংলাদেশের স্বার্থ গুরুত্ব পেয়েছে: মাহদী আমিন

গেজেট প্রতিবেদন

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের চার দিনের নিউইয়র্ক সফর আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেশের সার্বভৌমত্ব ও জাতীয় স্বার্থকে সমুন্নত করার পাশাপাশি অংশীদারত্ব, বিনিয়োগ, বাণিজ্য এবং অন্তর্ভুক্তিমূলক উন্নয়নের নতুন দিগন্ত উন্মোচন করেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর উপদেষ্টা এবং একই সঙ্গে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র মাহদী আমিন এ কথা বলেন। তিনি বলেন, চার কর্মদিবসের এই সফরে প্রধানমন্ত্রী বিশ্বমঞ্চে বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং বিভিন্ন ক্ষেত্রে দেশের স্বার্থ ও সম্ভাবনাকে দৃঢ়তার সঙ্গে তুলে ধরেছেন।

মাহদী আমিন জানান, চার দিনের এই সফরে প্রধানমন্ত্রী ৩০টি আনুষ্ঠানিক কর্মসূচিতে অংশ নেন। সাধারণ পরিষদের মূল অধিবেশনে ভাষণ দেয়ার পাশাপাশি তিনি ১১টি দেশের প্রতিনিধির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং ৬টি অনুষ্ঠানে বক্তব্য দেন।

প্রধানমন্ত্রীর সঙ্গে ১৫ জন মন্ত্রী, প্রতিমন্ত্রী, উপদেষ্টা ও বিশেষ সহকারীসহ ৩৫ সদস্যের একটি প্রতিনিধিদল ছিল বলে জানান তিনি।

উপদেষ্টা জানান, প্রতিনিধিদলের সদস্যরা সফরকালে আরও প্রায় ৫০টি বৈঠকে অংশ নেন। ফলে বাংলাদেশ প্রতিনিধিদলের দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক বৈঠকের মোট সংখ্যা দাঁড়ায় ৮০টিরও বেশি। এ ছাড়া যুক্তরাষ্ট্রের প্রযুক্তি খাত ও গবেষণাপ্রতিষ্ঠানগুলোর সঙ্গে সহযোগিতার সুযোগ সৃষ্টির লক্ষে একটি ছোট দল ক্যালিফোর্নিয়া সফর করেছে।

জাতিসংঘ সাধারণ পরিষদে দেওয়া প্রথম ভাষণে প্রধানমন্ত্রী গণতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, অন্তর্ভুক্তিমূলক উন্নয়ন, মানবাধিকার, আইনের শাসন, বাকস্বাধীনতা, অর্থনৈতিক পুনরুদ্ধার, কর্মসংস্থান, স্বাস্থ্য, শিক্ষা, প্রযুক্তি এবং জলবায়ু মোকাবিলার মতো জাতীয় অগ্রাধিকারের বিষয়গুলো তুলে ধরেন।
তিনি সরকারের ‘থ্রি-আর’ (রিকভারি, রিস্টোরেশন অ্যান্ড রিকনস্ট্রাকশন) কৌশল রূপরেখা ব্যাখ্যা করেন এবং ফ্যামিলি কার্ড, ফার্মার কার্ড, হেলথ কার্ড ও প্রস্তাবিত ইউনিভার্সাল কার্ড চালুর উদ্যোগগুলো উপস্থাপন করেন।

সংবাদ সম্মেলনে আরও জানানো হয়, রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ ও গাম্বিয়ার যৌথ আয়োজিত বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী দ্রুত, নিরাপদ, স্বেচ্ছায় ও সম্মানজনক প্রত্যাবাসনের লক্ষ্যে পাঁচ দফা রূপরেখা প্রস্তাব করেন। এতে মানবিক সহায়তা, মানবাধিকার, ন্যায়বিচার ও আঞ্চলিক সহযোগিতার ওপর গুরুত্ব দেয়া হয়। আন্তর্জাতিক অংশীদারদের মাঝে প্রধানমন্ত্রীর এই পাঁচ দফা রূপরেখা ব্যাপকভাবে প্রশংসিত হয়েছে।

অন্যদিকে ওয়াল স্ট্রিটের ২৫ জনের বেশি শীর্ষ বিনিয়োগকারী বাংলাদেশের আর্থিক খাতে বিনিয়োগ এবং নতুন বন্ড চালু করার বিষয়ে আগ্রহ প্রকাশ করেছেন। ১১টি উড়োজাহাজ কেনার চুক্তির প্রেক্ষাপটে বোয়িং প্রতিনিধির সঙ্গেও প্রধানমন্ত্রীর বৈঠক হয়েছে।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর প্রেস সচিব এএএম সালেহ শিবলী, অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন, প্রধানমন্ত্রীর স্পিচ রাইটার মাহফুজুর রহমান, উপ-প্রেস সচিব হাসান শিপলু, উপ-প্রেস সচিব মো. সুজাউদ্দৌলা (সুজন মাহমুদ), সহকারী প্রেস সচিব শাহরিয়ার পামির এবং সহকারী প্রেস সচিব কেএম নাজমুল হক উপস্থিত ছিলেন।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন