খুলনায় ডেঙ্গুতে একদিনে রেকর্ড ৫ জনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

খুলনা বিভাগে ডেঙ্গু পরিস্থিতির অবনতি ঘটেছে। গত ২৪ ঘণ্টায় খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ৫ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে খুলনা জেলার হাসপাতালগুলোতে ৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে একজনের মৃত্যু হয়। একই সময়ে বিভাগে নতুন করে ২৭৬ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন।

শনিবার (২৬ সেপ্টেম্বর) খুলনা বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. শেখ মো. মোশাররফ হোসেন এ তথ্য জানিয়েছেন।

বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের দপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় নতুন ভর্তি হওয়া ২৭৬ জন রোগীর মধ্যে সরকারি হাসপাতালে ১৮৮ জন এবং বেসরকারি হাসপাতালে ৮৮ জন চিকিৎসা নিতে ভর্তি হয়েছেন। জেলাভিত্তিক হিসাবে খুলনা জেলার হাসপাতালগুলোতে ১৫৪ জন এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ৭২ জন নতুন রোগী ভর্তি হন।

এছাড়া নড়াইলে ১২ জন, বাগেরহাটে ১১ জন, সাতক্ষীরায় ১৭ জন, কুষ্টিয়ায় ৪ জন, মেহেরপুরে ৪ জন এবং চুয়াডাঙ্গায় ২ জন নতুন আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।

স্বাস্থ্য দপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে বিভাগের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট ১ হাজার ১৪১ জন ডেঙ্গু রোগী চিকিৎসাধীন রয়েছেন।

চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত খুলনা বিভাগে সর্বমোট ১২ হাজার ৩০২ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ১০ হাজার ৮১৮ জন রোগী সুস্থ হয়ে ছাড়পত্র পেয়েছেন এবং বিভাগে এ পর্যন্ত ডেঙ্গুতে মোট ৪৪ জনের মৃত্যু হয়েছে।

কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেন, ডেঙ্গুর সংক্রমণ নিয়ন্ত্রণে খুলনা সিটি করপোরেশন নানামুখী কার্যক্রম বাস্তবায়ন করছে। মশার লার্ভা ও উড়ন্ত মশা নিয়ন্ত্রণ, জ্বরে আক্রান্তদের প্রাথমিক চিকিৎসা প্রদানের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প স্থাপন, পরিচ্ছন্নতা কাজে জনবল বৃদ্ধি, ভ্রাম্যমাণ আদালত পরিচালনাসহ কেসিসি’র কর্মকর্তা-কর্মচারীদের এক দিনের বেতনের সমপরিমাণ অর্থ দিয়ে মেডিকেল কলেজ হাসপাতালের ডেঙ্গু ওয়ার্ডে বেড সংখ্যা বৃদ্ধি করা হয়েছে। কেসিসি’র সাথে নগরীর বিভিন্ন সংগঠন যুক্ত হলে এ কাজ আরও ফলপ্রসূ হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন