পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় প্রদেশ খাইবার পাখতুনখোয়ার ডেরা ইসমাইল খান (ডিআই খান) জেলার একটি পুলিশ চেকপোস্টে বোমা হামলা হয়েছে। এতে নিহত হয়েছেন কমপক্ষে ১১ জন এবং আহত হয়েছেন আরও ৩০ জন।
শনিবার (২৬ সেপ্টেম্বর) হয়েছে এই বোমা হামলা। হামলার পর ঘটনাস্থলে উদ্ধার তৎপরতা পরিচালনা করেছে পাকিস্তানের দুর্যোগ মোকাবিলা সংস্থা রেস্কিউ ১১২২।
সংস্থাটির কর্মীরা পাকিস্তানি দৈনিক ডনকে জানিয়েছেন, নিহতদের মধ্যে ৮ জন পুরুষ, ২ জন নারী এবং একজন শিশু রয়েছে। যে ২০ জনকে আহত অবস্থায় উদ্ধার ২০ জনকে হাসপাতরে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে রেসকিউ ১১২২।
পুলিশ জানিয়েছে, ডেরা ইসমাইল খান জেলার আমান মেলা পুলিশ চেকপোস্টে হামলা হয়েছে। এই বেকপোস্টটি ডিআই খান জেলার সঙ্গে ও বেলুচিস্তানের রাজধানী কোয়েটাকে সংযুক্তকারী হাইওয়ের কাছে। নিহতদের মধ্যে পুলিশের পাশাপশি কাস্টমস বিভাগের একাধিক সদস্যও আছেন বলে জানিয়েছে পুলিশ।
এরআগে গত শুক্রবার খাইবার পাখতুনখাওয়া প্রদেশের পুলিশ সদরদপ্তরের ভেতরের মসজিদে জুমার নামাজের সময় গাড়িবোমা হামলা চালানো হয়েছিল। ওই আত্মঘাতী হামলায় অন্তত ২৭ জন নিহত এবং ৭৫ জন আহত হন। নিষিদ্ধঘোষিত সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) একটি সহযোগী শাখা পরে হামলার দায় স্বীকার করেছিল।
সাম্প্রতিক বছরগুলোতে আফগান সীমান্তবর্তী পাকিস্তানের এই অঞ্চলগুলোতে সন্ত্রাসী সহিংসতা উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। পাকিস্তান সরকারের অভিযোগ, সে দেশে হামলা চালানো জঙ্গিদের নিজেদের ভূখণ্ড ব্যবহারের সুযোগ করে দিচ্ছে আফগানিস্তান। তবে কাবুলের তালেবান প্রশাসন শুরু থেকেই ইসলামাবাদের এই অভিযোগ অস্বীকার করে আসছে।
সূত্র : ডন
খুলনা গেজেট/এএজে

