ইউজিসি চেয়ারম্যানকে স্মারকলিপি প্রদান

খুকৃবি ট্রেজারারকে হেনস্তায় জড়িতদের শাস্তি চায় ‘এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’

নিজস্ব প্রতিবেদক

খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের (খুকৃবি) ট্রেজারার এবং খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) এগ্রোটেকনোলজি ডিসিপ্লিনের অধ্যাপক ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সাথে অশালীন আচরণ, হুমকি প্রদান এবং খুলনা বিশ্ববিদ্যালয়কে নিয়ে কটূক্তির প্রতিবাদে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান বরাবর স্মারকলিপি প্রদান করেছে ‘এগ্রোটেকনোলজি অ্যালামনাই অ্যাসোসিয়েশন’।

গত ১০ সেপ্টেম্বর ইউজিসি চেয়ারম্যান বরাবর প্রেরিত ওই স্মারকলিপিতে ঘটনার নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত এবং অভিযুক্ত শিক্ষকদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে।

স্মারকলিপিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশন জানায়, সম্প্রতি খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের সাথে বিশ্ববিদ্যালয়ের কতিপয় শিক্ষক অত্যন্ত অশালীন ও অপমানজনক আচরণ করেছেন। অভিযুক্ত শিক্ষকেরা তাকে উদ্দেশ্য করে অসংযত ভাষায় গালিগালাজ ও সরাসরি হুমকি প্রদান করেন। একই সাথে তারা অধ্যাপক ড. শামীম খানের মূল কর্মস্থল ঐতিহ্যবাহী খুলনা বিশ্ববিদ্যালয় এবং এর শিক্ষাবান্ধব পরিবেশ নিয়ে চরম কটাক্ষ ও মানহানিকর বক্তব্য প্রদান করেন। একজন বর্ষীয়ান গবেষক, জ্যেষ্ঠ অধ্যাপক ও বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদমর্যাদার সম্মানিত ব্যক্তির সাথে এ ধরনের আচরণ শিক্ষকতার মর্যাদা এবং সাধারণ শিষ্টাচারের সম্পূর্ণ পরিপন্থী উল্লেখ করে গভীর ক্ষোভ প্রকাশ করেন সংগঠনের প্রাক্তন শিক্ষার্থীরা।

স্মারকলিপিতে অ্যালামনাই অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে ৩টি মূল দাবি উত্থাপন করা হয়: ঘটনার প্রকৃত সত্যতা উদ্ঘাটনে গঠিত তদন্ত কমিটিকে আরও কার্যকরী করে নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত সুনিশ্চিত করা, তদন্ত সাপেক্ষে ঘটনার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত অভিযুক্ত শিক্ষকদের বিরুদ্ধে বিশ্ববিদ্যালয় আইন ও চাকরি বিধি অনুযায়ী কঠোর ও দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করা এবং প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খানের প্রশাসনিক ও একাডেমিক কাজের নিরাপদ পরিবেশ এবং পূর্ণ সম্মান সুনিশ্চিত করা।

সংগঠনটির সভাপতি আবু মোজাফফর মাহমুদ স্বাক্ষরিত এই স্মারকলিপিতে উল্লেখ করা হয়, উচ্চ শিক্ষাঙ্গন কোনো প্রকার সন্ত্রাস, হুমকি কিংবা পেশাগত অনাচারের স্থান হতে পারে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষা, শিক্ষকের মর্যাদা অক্ষুণ্ন রাখা এবং প্রাতিষ্ঠানিক শৃঙ্খলা ফিরিয়ে আনার স্বার্থে ইউজিসি কর্তৃপক্ষ দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন তারা।

খুকৃবি’র ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান খুলনা গেজেটকে বলেন, গত ২০ বিশ^বিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর নিকট লিখিত অভিযোগ দিয়েছি। অভিযোগের ভিত্তিতে ২৪ আগস্ট তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা ২০ কার্যদিবস সময় চেয়েছেন। এই সময়টা বেশ বড় সময়। এই সময়ের মধ্যে যারা সুযোগ সন্ধানী তারা সুযোগ নেওয়ার চেষ্টা করতে পারে। এখানে যাদের বিরুদ্ধে অভিযোগ দিয়েছি তারা যে যেই পদে বা কাজে নিযুক্ত ছিলেন, তাদের সেই পদে নিযুক্ত রাখা হয়েছে। এর মাধ্যমে তারা প্রশাসনের ধারে কাছে থেকে এই তদন্ত প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। এই ব্যাপারে মনোযোগ তৈরির চেষ্টা করেছি। এটিকে গুরুত্ব দেননি।

এদিকে গত ১৭ সেপ্টেম্বর দৈনিক খুলনা গেজেট পত্রিকায় প্রকাশিত ‘নিজ কার্যালয়ে অবরুদ্ধ করে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদেরকে গালিগালাজ ও হুমকি: অভিযুক্ত ৬ শিক্ষকের বিরুদ্ধে’ শিরোনামের সংবাদের প্রতিবাদ জানিয়েছে খুকৃবির ৬ শিক্ষক। তারা হলেন, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক মো. মোশেদুল ইসলাম, সহকারী অধ্যাপক ড. মো. তসলিম হোসেন, সহকারী অধ্যাপক ড. এম এ হায়রান, সহকারী অধ্যাপক ড. মো. মেহেদী আলম, সহকারী অধ্যাপক ড. মো. উজ্জ্বল হোসেন ও সহকারী অধ্যাপক ড. মো. হাফিজুর রহমান।

প্রতিবাদলিপিতে তারা বলেন, আলোচনার শুরুতে বিভিন্ন একাডেমিক বিষয় (যেমন: পরীক্ষা পদ্ধতি, খাতা পুনর্মূল্যায়ন ফি বৃদ্ধি, শিক্ষার্থীদের মূল্যায়ন ইত্যাদি) নিয়ে যে আলোচনা হয়েছিল, সেগুলোকে বিকৃত করে এবং শিক্ষকদের বিরুদ্ধে বানোয়াট তথ্য পরিবেশন করা হয়েছে বলে দাবি করা হয়। সংবাদটিতে শিক্ষকদের জড়িয়ে যে সমস্ত তথ্য ও আপত্তিকর ভাষা ব্যবহার করা হয়েছে, তার ফলে তাদের সামাজিক মর্যাদা, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি মারাত্মকভাবে ক্ষুণ্ন হয়েছে।

প্রতিবেদকের বক্তব্য : প্রতিবেদনটি খুকৃবির ট্রেজারার প্রফেসর ড. শামীম আহমেদ কামাল উদ্দিন খান গত ২০ আগস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এর নিকট কতিপয় শিক্ষক কর্তৃক ট্রেজারারকে অসৌজন্যমূলক তথা অসদাচরণ প্রদর্শনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ সংক্রান্ত চিঠি প্রদান করেন। ওই চিঠি খুলনা গেজেটের হাতে আসে। সেই চিঠির অভিযোগের ভিত্তিতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিতে খুকৃবির সিন্ডিকেট সদস্য ড. মোঃ সাজ্জাদুর রহমানকে আহ¦ায়ক এবং সিন্ডিকেট সদস্য ড. কেএম রেজাউল করিম ও সিন্ডিকেট সদস্য মোঃ কামরুজ্জামান কমিটির সদস্য করা হয়েছে। লিখিত ওই চিঠিতে দেওয়া ট্রেজারারের অভিযোগ এবং খুকৃবির ভাইস চ্যান্সেলরের বক্তব্য প্রতিবেদনে তুলে ধরা হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন