আইনের কাঠামোর বাইরে কোনো ‘ক্রসফায়ার’ নয়: আইনমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

আইনের কাঠামোর বাইরে কোনো পদক্ষেপ বা ‘ক্রসফায়ার’-এর সুযোগ নেই বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। তিনি স্পষ্ট করেন, সন্ত্রাস দমনের জন্য ক্রসফায়ারের প্রয়োজন নেই; প্রচলিত আইনই যথেষ্ট।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। খুলনা জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, সুশাসন নিশ্চিতকরণ এবং প্রশাসনিক কার্যক্রম জোরদার করার লক্ষ্যে এ সভার আয়োজন করে জেলা প্রশাসন।

খুলনা জেলা প্রশাসক হুরে জান্নাতের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন হুইপ রকিবুল ইসলাম বকুল এমপি, আজিজুল বারী হেলাল এমপি, আমির এজাজ খান এমপি, কেডিএ চেয়ারম্যান এস এম শফিকুল আলম মনা, কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু, জেলা পরিষদের প্রশাসক মনিরুল হাসান বাপ্পী ও খুলনা ওয়াসার চেয়ারম্যান মনিরুজ্জামান মনি।

প্রধান অতিথির বক্তব্যে আইনমন্ত্রী বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা সরকারের প্রধান অগ্রাধিকার। আইনশৃঙ্খলা রক্ষায় ‘জিরো টলারেন্স’ নীতি গ্রহণ করতে হবে। এছাড়া বিচারপ্রার্থী জনগণ যেন দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পান, সেদিকে প্রশাসনকে সজাগ দৃষ্টি রাখার নির্দেশ দেন তিনি।

সভায় স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তারা খুলনা জেলার উন্নয়নমূলক কর্মকাণ্ড, নাগরিক সেবা সম্প্রসারণ এবং সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতির চিত্র তুলে ধরেন।

এর আগে সকাল ৯টায় খুলনা জেলা জজ আদালতের সম্মেলন কক্ষে বিচার বিভাগীয় কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন আইনমন্ত্রী। জেলা ও দায়রা জজ চান মোহাম্মদ আব্দুল আলীম আল রাজীসহ অন্যান্য বিচারকদের উপস্থিতিতে অনুষ্ঠিত ওই সভায় মন্ত্রী মামলা দ্রুত নিষ্পত্তি করে আদালতের জট কমানোর আহ্বান জানান।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন