খুলনা মহানগরীর হরিণটানা থানার ময়ূর আবাসিক এলাকার একটি লেক থেকে সোয়েব (১৪) নামে এক কিশোরের ভাসমান মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (৩০ জুলাই) সকাল ৯টার দিকে লেক থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
মৃত সোয়েব সোনাডাঙ্গা বয়রা ক্রস রোডের বাসিন্দা হাসিব মিয়ার ছেলে এবং স্থানীয় একটি মাদ্রাসার শিক্ষার্থী।
হরিণটানা থানার উপ-পরিদর্শক জাহাঙ্গীর মোল্লা পরিবারের বরাত দিয়ে জানান, সোয়েব প্রায়ই কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়ে যেত। গত বুধবার বিকেলেও সে একইভাবে বাড়ি থেকে বের হয়। রাতে বাড়ি না ফেরায় পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। বৃহস্পতিবার সকালে লেকে মরদেহ পাওয়ার খবর পেয়ে সোয়েবের বাবা-মা ঘটনাস্থলে এসে শনাক্ত করেন।
পুলিশ জানায়, সোয়েব সাঁতার জানত না। ধারণা করা হচ্ছে, পানি দেখে সাঁতার কাটার জন্য লেকে নামতে গিয়ে সে পা পিছলে পড়ে যায়। এরপর পানিতে ডুবে তার মৃত্যু হয়। তার মাথায় একটি আঘাতের চিহ্ন পাওয়া গেছে। প্রয়োজনীয় আইনানুগ প্রক্রিয়া সম্পন্ন করার পর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

