পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পূর্বপাড়া এলাকার প্রধান সড়কের বিভিন্ন স্থানে ধস দেখা দিয়েছে। টানা বর্ষণে প্রতিদিনই সড়কের নতুন নতুন অংশ ভেঙে পড়ছে। এতে যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা করছেন স্থানীয় বাসিন্দারা। গুরুত্বপূর্ণ এই সড়কটি দ্রুত সংস্কারের দাবি জানিয়েছেন তাঁরা।
সরেজমিন দেখা যায়, পৌরসভার মাছ কাটা এলাকা সংলগ্ন শিবসা সেতুর নিচ থেকে ৬ নম্বর ওয়ার্ডের শেষ সীমানা হয়ে শাপলা ক্লাব পর্যন্ত সড়কের বিভিন্ন অংশে বড় বড় খানাখন্দ ও ধসের সৃষ্টি হয়েছে। প্রায় ১০ ফুট প্রশস্ত সড়কের কোথাও কোথাও ২ থেকে ৩ ফুট অংশ ভেঙে গেছে। ধসে যাওয়া অংশের পাশে কোনো সতর্কতামূলক ব্যারিকেড বা নিরাপত্তা-ব্যবস্থা নেই। ফলে ঝুঁকি নিয়েই যানবাহন ও পথচারীদের চলাচল করতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দারা জানান, “সড়কটি পাইকগাছা উপজেলার অন্যতম গুরুত্বপূর্ণ যোগাযোগ পথ। প্রতিদিন হাজারো মানুষ এই সড়ক দিয়ে চলাচল করেন। লতা ও দেলুটি ইউনিয়নের বাসিন্দাদের পাশাপাশি হাড়িয়াআবাদ আশ্রয়ণ প্রকল্পের শত শত মানুষও এই সড়কের ওপর নির্ভরশীল। এ ছাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যাতায়াতকারী রোগী, স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক, মৎস্য ঘেরের মালিক ও মাছ ব্যবসায়ীদের নিয়মিত চলাচলের অন্যতম পথ এটি। সড়কের বিভিন্ন স্থানে ধস ও খানাখন্দের কারণে দুর্ভোগ বেড়েছে সাধারণ মানুষের।
পাইকগাছা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কামাল আহম্মেদ সেলিম নেওয়াজ বলেন, “প্রায় ছয় বছর আগে পৌরসভার উদ্যোগে সড়কটি নির্মাণ করা হয়েছিল। গত দুই থেকে তিন বছর ধরে সড়কের বিভিন্ন অংশে ফাটল, ক্ষয় ও খানাখন্দের সৃষ্টি হয়েছে। সাম্প্রতিক টানা বর্ষণ ও মাটির ক্ষয়ের কারণে পরিস্থিতির আরও অবনতি হয়েছে। বিষয়টি পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াসিউজ্জামান চৌধুরীকে জানানো হয়েছে। দ্রুত সংস্কারের উদ্যোগ না নিলে সড়কটির আরও বড় অংশ ধসে পড়তে পারে।
খুলনা গেজেট/এনএম

