কেএমপি’র দ্বিতীয় দিনের বৃক্ষরোপণ কর্মসূচি

নিজস্ব প্রতিবেদক

“বৃক্ষরোপণে সাজাই দেশ, সবার আগে বাংলাদেশ”— এই স্লোগানকে সামনে রেখে খুলনা মেট্রোপলিটন পুলিশ (কেএমপি)-এর পক্ষ থেকে ধারাবাহিকতায় আজ দ্বিতীয় দিনের মতো বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়েছে। প্রধানমন্ত্রী ঘোষিত দেশব্যাপী ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের ঘোষণার প্রেক্ষিতে কেএমপি’র মাসব্যাপী সাড়ে ১২ হাজার ফলজ, বনজ ও ভেষজ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে আজকের কার্যক্রম পরিচালিত হয়।

বুধবার (১৫ জুলাই) সকাল সাড়ে ৯ টায় খুলনার বিভিন্ন সরকারি ও বেসরকারি গুরুত্বপূর্ণ দপ্তরে চারা রোপণের মাধ্যমে দ্বিতীয় দিনের এই কর্মসূচির নেতৃত্ব দেন খুলনা মেট্রোপলিটন পুলিশের কমিশনা মোহাম্মদ জাহিদুল হাসান।

বৃক্ষরোপণকালে পুলিশ কমিশনার বলেন, প্রধানমন্ত্রীর ঘোষিত দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির আহ্বানে সাড়া দিয়ে আসুন, আমরা প্রত্যেকে অন্তত একটি করে গাছ লাগাই। নিজের অবস্থান থেকে পরিবেশ রক্ষা, বৃক্ষরোপণ এবং জনকল্যাণমূলক কাজে অংশগ্রহণই হতে পারে দেশের প্রতি আমাদের ছোট্ট কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান। আজ আমরা যে গাছ লাগাব, তার সুফল ভোগ করবে আমাদের সন্তান ও আগামী প্রজন্ম। সবাই মিলে এগিয়ে এলে খুলনাসহ পুরো বাংলাদেশ একটি সবুজ, সুন্দর ও বাসযোগ্য দেশে পরিণত হবে। পরিবর্তন শুরু হোক নিজের থেকেই—দেশের জন্য, পরিবেশের জন্য।

তিনি আরও স্মরণ করিয়ে দেন “বন বাঁচলে বাঁচবে নদী, বাজবে প্রকৃতির গান; জীববৈচিত্র্যের প্রতিটি স্পন্দনে লুকিয়ে আছে মানুষের প্রাণ।”

আজকের কর্মসূচির আওতায় পুলিশ কমিশনার খুলনা মহানগরীর নিম্নলিখিত গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রতিষ্ঠান প্রাঙ্গণে উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন:

খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (কেডিএ): কেডিএ প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে কমিশনার সাথে উপস্থিত ছিলেন কেডিএ’র চেয়ারম্যান এ্যাডভোকেট এস এম শফিকুল আলম মনা এবং কেডিএ’র ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

রেঞ্জ ডিআইজি কার্যালয়: খুলনা রেঞ্জ ডিআইজি কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণকালে উপস্থিত ছিলেন খুলনার রেঞ্জ ডিআইজি মো. মোস্তাফিজুর রহমানসহ অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাবৃন্দ।

খুলনা বিভাগীয় কমিশনারের কার্যালয়: বিভাগীয় কমিশনার কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ কার্যক্রমে কমিশনার সাথে উপস্থিত ছিলেন খুলনার বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন।

শহীদ হাদিস পার্ক: ঐতিহ্যবাহী শহীদ হাদিস পার্কে বৃক্ষরোপণ কর্মসূচি পালনকালে উপস্থিত ছিলেন খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. নজরুল ইসলাম মঞ্জু, প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান এবং সিটি কর্পোরেশনের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়: বৃক্ষরোপণের পাশাপাশি আজ খুলনা মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে পরিবেশ সচেতনতা বৃদ্ধিতে বৃক্ষ বিতরণ করা হয়। এ সময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হাফেজ মো. আব্দুল লতিফসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

বৃক্ষরোপণের এই কর্মসূচিতে কেএমপি’র পক্ষে আরও উপস্থিত ছিলেন- মুহাম্মদ শাহনেওয়াজ খালেদ, মো. রেজাউর রহমান, অমিত কুমার বর্মন, মো. শফিকুল ইসলাম, মো. গোলাম মোর্শেদসহ বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন