খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন বলেছেন, যাদের ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে সরকার সব সময় তাদের পাশে রয়েছে। স্থানীয় এমপি ও হুইপ মহোদয়ের নির্দেশনা রয়েছে তাৎক্ষণিকভাবে সরকার যেন ক্ষতিগ্রস্ত সকলের পাশে দাঁড়ায় উনার নির্দেশ মোতাবেক জেলা প্রশাসক, ইউএনওসহ তাৎক্ষণিকভাবে খুব দ্রুত সময়ের মধ্যে আপনাদের জন্য দেড় বান্ডিল করে টিন, শুকনা খাবার বরাদ্দ করা হয়েছে।
তিনি গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর খান জাহানআলী থানাধীন যোগীপোল ইউনিয়নের ভাঙ্গা মসজিদ সংলগ্ন বুধবার গভীর রাতে আকস্মিক ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক হুরে জান্নাত, দিঘলিয়া উপজেলা নির্বাহী অফিসার সুজন দাশ গুপ্ত, জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আব্দুল করিম, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ জামাল হোসেন, খানজাহান আলী থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু সাঈদ হাওলাদার আব্বাস, ইউনিয়ন বিএনপি’র সভাপতি শেখ আলমগীর হোসেন, থানা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শেখ বিল্লাল হোসেন, ইউপি সচিব আসমা বেগম, স্থানীয় ইউপি সদস্য হাফিজুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
এ সময় ঘূর্ণিঝড়ে বসতঘরের টিন উড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ১৪ পরিবারের মধ্যে ২১ বান্ডিল ঢেউটিন, ১০ কেজি চাল, তেল, চিনি লবণ, ডাল, মরিচ, মসলাসহ ৯ বস্তা শুকনা খাবার বিতরণ করা হয়।
খুলনা গেজেট/এএজে

