খুলনায় জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের উদ্যোগে ‘সনদ থেকে গণভোট’ শীর্ষক এক বিশেষ পাঠচক্র অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) রাতে খুলনা মহানগরীর সাতরাস্তা মোড়ের বিএমএ ভবনে এই কর্মসূচির আয়োজন করা হয়। এবারের পাঠচক্রের মূল প্রতিপাদ্য ছিল- ‘সনদ থেকে গণভোটঃ দ্বিতীয় বছরে জিন্দা জুলাই’।
পাঠচক্রে প্রধান অতিথি ছিলেন এনসিপি-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি তাঁর বক্তব্যে বলেন, ঐতিহাসিক জুলাই বিপ্লবের চেতনাকে ধারণ করে ছাত্রসমাজকে আগামী দিনের দেশ গঠনে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। বিপ্লবের আদর্শকে সমুন্নত রেখে নতুন বাংলাদেশ বিনির্মাণে শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।
অনুষ্ঠানে সারোয়ার তুষার বলেন, চব্বিশ জাতির ইতিহাসে সবসময় আসে না। যারা ইতিহাসের সঠিক দিকে ধাবিত হতে পারে না, তাদের মতো দূর্ভাগা আর কেউ নেই। ওই সময়ে আমরা সঠিক অবস্থান নিতে পেরেছি, জনগণের পক্ষে থাকতে পেরেছি। এটা আমাদের গর্বের বিষয়।
তিনি বলেন, যিনি দম্ভের সাথে বলতেন শেখ হাসিনা পালায় না। যে বলেছে পালায় না, সেই পালিয়েছে। এখন যে বলছে আবার ফিরে আসব, সে আর কোনো দিন ফিরে আসবে না।
জাতীয় ছাত্রশক্তি খুলনা মহানগরের আহ্বায়ক জাহিদ হাসান সোহাগের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে আলোচনা করেন খুলনা বিভাগীয় এনসিপি-এর সাংগঠনিক সম্পাদক ফরিদুল হক, কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) ওয়াহিদ-উদ-জামান এবং জাতীয় নারীশক্তির যুগ্ম আহ্বায়ক আশরেফা খাতুন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন এনসিপি খুলনা জেলা প্রধান সমন্বয়কারী মাহমুদুল হাসান ফয়জুল্লাহ, যুবশক্তি খুলনা জেলা সদস্যসচিব সরদার তুহিনুজ্জামান সোহাগ, ন্যাশনাল ওলামা অ্যালায়েন্সের কেন্দ্রীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোহাম্মাদুল্লাহ হাফেজি আরিয়ান, জাতীয় নাগরিক পার্টি এনসিপি মহানগর সংগঠক ডাঃ আব্দুল্লাহ চৌধুরী, দিদারুল ইসলাম ও খন্দকার হেলাল উদ্দিন।
এছাড়াও ‘জাতীয় ছাত্রশক্তি’ খুলনা জেলা সদস্যসচিব আসাদুল্লাহ গালিব, মহানগরের সদস্যসচিব মেহেদী হাসান সাইমুন এবং মুখ্য সংগঠক সাকিবুল ইসলামসহ সংগঠনের বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির খুলনা মহানগরের পাঠচক্র সম্পাদক আজমাইন জারিফ সাজীম।
খুলনা গেজেট/এএজে

