ডুমুরিয়ায় ড্রাম ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল চালক শামছুজ্জামান (৪০) নিহত হয়েছে। এসময় মনিরুল ইসলাম (৫০) নামে এক ব্যক্তি আহত হয়েছে। শনিবার (৪ জুলাই) দুপুর ১টা ৪০ মিনিটে উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত শাসছুজ্জামান তালা উপজেলার সরুলিয়া গ্রামের মো. আজিবর সরদারের ছেলে। আহত মনিরুল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
স্থানীয়রা জানায়, শামছুজ্জামান ও মনিরুল ইসলাম মোটরসাইকেলে খুলনা থেকে সাতক্ষীরার উদ্দেশ্যে যাচ্ছিলেন। তারা ডুমুরিয়া উপজেলার খর্ণিয়া ব্রিজ সংলগ্ন এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি ড্রাম ট্রাক মোটরসাইকেলটিকে সজোরে ধাক্কা দিয়ে ঘটনাস্থল ত্যাগ করে। এতে মোটরসাইকেলটি দুমড়ে-মুচড়ে যায় এবং দুই আরোহী সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। খবর পেয়ে ডুমুরিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এসময় কর্তব্যরত চিকিৎসক শামছুজ্জামানকে মৃত ঘোষণা করেন। আহত মনিরুল ইসলামের শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।
উপজেলা ফায়ার সার্ভিসের লিডার মো. আসাদুজ্জামান জানান, খবর পেয়ে উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে আহত দু’জনকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। সেখানে চিকিৎসক একজনকে মৃত ঘোষণা করেন। অপর আহত ব্যক্তিকে উন্নত চিকিৎসার জন্য খুলনায় পাঠানো হয়েছে। নিহতের মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
খর্ণিয়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম জানান, দুর্ঘটনায় জড়িত ট্রাকটি শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
খুলনা গেজেট/এএজে

