সুন্দরবনের বনদস্যু দুলাভাই বাহিনীর সঙ্গে কোস্টগার্ডের গোলাগুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার রাতে বনবিভাগের কয়রা টহল ফাঁড়ির আওতাধীন ময়দাফেসা খাল এলাকায় এই ঘটনা ঘটে। গোলাগুলির পর দুলাভাই বাহিনী প্রধান রবিউল ইসলামকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। শুক্রবার সকাল ৯টা ৫৫ মিনিটে দুলাভাই বাহিনীর প্রধান রবিউল ইসলামকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায় কোস্টগার্ড।
চিকিৎসা শেষে তাকে আবার সঙ্গে নিয়ে গেছে কোস্টগার্ডের সদস্যরা।
হাসপাতালের চিকিৎসা নথিতে দেখা গেছে, কয়রা মহেশ্বরীপুর গ্রামের মানিক গাজীর জেলে রবিউল ইসলাম (৫০)কে সকাল ৯টা ৫৫ মিনিটে হাসাপাতালে ভর্তি করা হয়। তার হাতসহ শরীরে গুলির ক্ষত ছিল।
মহেশ্বরীপুর গ্রামের স্থানীয় বাসিন্দারা জানান, মানিক গাজীর জেলে রবিউল ইসলামই বনদস্যু দুলা ভাই বাহিনী প্রধান। একসময় সুন্দরবনের ত্রাস ছিল ‘ইলিয়াস বাহিনী’। তিনি মারা যাওয়ার পর ২০২৪ সালে ইলিয়াসের বোনের স্বামী রবিউল নতুন দল গড়ে তুললে স্থানীয় লোকজন এর নাম দেন ‘দুলাভাই বাহিনী’।
কয়রা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জাহিদুল ইসলাম বলেন, বনের মধ্যে গোলাগুলি ও এক দস্যু নিহতের খবর শুনেছি। কিন্তু আমাদের কাছে এ বিষয়ে তথ্য নেই। কোস্টগার্ড বিষয়টি দেখছে।
সুন্দরবনের খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক শরিফুল ইসলাম জানান, আমরাও বিষয়টি শুনেছি। কোস্টগার্ড বিস্তারিত বলতে পারবে।
এ বিষয়ে কোস্টগার্ডের সঙ্গে যোগাযোগ করা হলে বাহিনীর কর্মকর্তারা জানান, সুন্দরবনের কুখ্যাত ডাকাত ‘দুলাভাই বাহিনী’র সাথে কোস্ট গার্ডের রাতভর বন্দুকযুদ্ধ হয়েছে। এ ঘটনায় অভিযান চলছে। সকালে বাহিনী প্রধানকে গুলিবিদ্ধ অবস্থায় হাসপাতালে নেওয়া হয়। কর্মকর্তারা অভিযানে আছেন, পরবর্তীতে সংবাদ বিজ্ঞপ্তি পাঠিয়ে বিস্তারিত জানানো হবে।

