সোমবার । ২২শে জুন, ২০২৬ । ৮ই আষাঢ়, ১৪৩৩

কপোতাক্ষে নিখোঁজ ঘাটশ্রমিকের মরদেহ উদ্ধার

পাইকগাছা প্রতিনিধি

কপোতাক্ষ নদের তীব্র স্রোতে তলিয়ে নিখোঁজ হওয়ার প্রায় ১৯ ঘণ্টা পর অবশেষে উদ্ধার হলো ঘাট শ্রমিক দীপঙ্কর মন্ডলের (৩৫) মরদেহ। সোমবার (২২ জুন) আনুমানিক দুপুর ২টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল রাড়ুলী ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের বোরহানপুর গ্রামস্থ ভরভোরিয়া স্লুইস গেট সংলগ্ন নদী থেকে ভাসমান অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে।

মৃত দীপঙ্কর রাড়ুলী পশ্চিম পাড়া গ্রামের দুলাল মন্ডলের ছেলে।

এর আগে, গত রবিবার সন্ধ্যা পৌনে ৭টার দিকে পাইকগাছা উপজেলার রাড়ুলী ইউনিয়নের পশ্চিম পাড়া কপোতাক্ষ নদীর স্টিমার ঘাটে হাত-পা ধুতে গিয়ে নদীতে পড়ে নিখোঁজ হন তিনি। রাতে নদী উত্তাল এবং তীব্র স্রোত থাকায় স্থানীয়দের প্রাথমিক উদ্ধার প্রচেষ্টা ব্যর্থ হয়। সোমবার সকাল থেকে ফায়ার সার্ভিসের বিশেষ ডুবুরি দল কপোতাক্ষ নদীর বিভিন্ন পয়েন্টে ট্রলার নিয়ে তল্লাশি অভিযান শুরু করে। দুপুরের দিকে দুর্ঘটনাস্থল থেকে প্রায় ৫ কিঃ মিঃ দূরে বোরহানপুর ভরভোরিয়া স্লুইস গেট এলাকায় একটি মরদেহ ভাসতে দেখে ডুবুরি দল ও স্থানীয় জনতা। পরে নদী থেকে ভাসমান মরদেহটি উদ্ধার করা হলে স্বজনরা সেটি দীপঙ্করের বলে শনাক্ত করেন।

পারিবারিক ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, দীপঙ্কর মন্ডল পাইকগাছা উপজেলার বিভিন্ন হাটে-বাজারে মালামাল ওঠানো-নামানোর ঘাটশ্রমিক হিসেবে কাজ করতেন। প্রতিদিনের মতো রবিবারও দিনভর কপিলমুনি বাজারের কাজ শেষে সন্ধ্যায় বাড়ির উদ্দেশ্যে রওনা হন তিনি। বাড়ির কাছাকাছি রাড়ুলী পশ্চিম পাড়া স্টিমার ঘাটে পৌঁছে ধুলোবালি মাখা শরীর ও হাত-পা ধোয়ার জন্য নদীর পাড়ে নামলে অসাবধানতাবশত পা পিছলে তীব্র স্রোতের মধ্যে পড়ে তলিয়ে যান।

নৌ পুলিশ ফাঁড়ির ইনচার্জ রবিউল ইসলাম বলেন, স্থানীয় প্রশাসন ও ফায়ার সার্ভিস কর্তৃপক্ষের সার্বিক তত্ত্বাবধানে আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন