ডুমুরিয়া উপজেলার ১ নং ধামালিয়া ইউনিয়নের বরুনা পূর্বপাড়া এলাকায় খাল পুনঃখনন প্রকল্পে অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, যথাযথভাবে খননকাজ সম্পন্ন না করেই সরকারি অর্থ ব্যয়ের চেষ্টা করা হচ্ছে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের আওতায় গ্রামীণ অবকাঠামো সংস্কার (কাবিটা-কাবিখা) কর্মসূচির ২০২৫-২০২৬ অর্থবছরে বরুনা পূর্বপাড়া মোড়ল বাড়ি ঘাট থেকে আশরাফ গাজীর জমি পর্যন্ত খাল পুনঃখননের জন্য ২ লাখ ৫৪ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়।
গতকাল শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা গেছে, খালটির পূর্ণাঙ্গ পুনঃখননের পরিবর্তে সীমিত পরিসরে পলি ও কাদা তুলে খালের পাড়ে ফেলে রাখা হয়েছে। স্থানীয়দের অভিযোগ, প্রকল্প অনুযায়ী পানি নিয়ন্ত্রণের জন্য বাঁধ দিয়ে খনন কাজ করার কথা থাকলেও তা বাস্তবায়ন করা হয়নি। বরং সম্প্রতি বৃষ্টির সময় বাঁধ কেটে খালে পানি প্রবেশ করানো হয়েছে, ফলে প্রকৃত খননকাজের দৃশ্যমান কোনো চিহ্ন পাওয়া যাচ্ছে না।
স্থানীয় ইউপি সদস্য ছিদ্দিক মোড়ল বলেন, ‘শ্যালো মেশিন দিয়ে কিছু কাদা তোলা হয়েছে। এতে সর্বোচ্চ ৭০ থেকে ৭৫ হাজার টাকার কাজ হয়ে থাকতে পারে।’
কয়েকজন স্থানীয় বাসিন্দা অভিযোগ করেন, বাস্তবে ২০ থেকে ৩০ হাজার টাকার বেশি কাজ হয়নি।
এ বিষয়ে বরুনা বিল কমিটির সভাপতি মোস্তাক হোসেন ও সাধারণ সম্পাদক নূর ইসলাম জানান, তারা প্রকল্পের কাজ সম্পর্কে বিস্তারিত কিছু জানেন না।
প্রকল্প বাস্তবায়নকারী ১ নং ধামালিয়া ইউনিয়ন পরিষদের সংরক্ষিত মহিলা সদস্য আফরোজা বেগম বলেন, ‘আপনারা আমার বাড়িতে আসলে কাগজপত্র দেখলেই বিষয়টি বুঝতে পারবেন।’
ডুমুরিয়া উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কার্যালয়ের উপসহকারী কর্মকর্তা রবিউল ইসলাম বলেন, ‘প্রকল্পের পুরো বিল এখনো পরিশোধ করা হয়নি। প্রথম কিস্তির টাকা দেওয়া হয়েছে। বিষয়টি খতিয়ে দেখা হবে।’
এ ঘটনায় স্থানীয়দের মধ্যে ক্ষোভ বিরাজ করছে। তারা প্রকল্পের কাজ সরেজমিনে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
খুলনা গেজেট/এনএম

