গৃহকর্মীর ওপর নির্যাত‌নে মামলা, পু‌লিশ দম্প‌তি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

গৃহপরিচারিকা মিলন দাশের ওপর শারীরিক নির্যাতনের ঘটনায় মা বাদী হয়ে মামলা দায়ের করেছেন। এতে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী পপি রানী সাহাকে আসামি করা হয়েছে। গতকাল বুধবার বিকেলে এএসআই সঞ্জয় কুমার সরকার ও তার স্ত্রী পপি রানী সাহাকে থানা হেফাজতে নেয় পুলিশ। বৃহস্পতিবার সকালে মিলনের মা বাদী হয়ে মামলা দায়ের করলে তাদের দু’জনকে গ্রেপ্তার করা হয়।

এর আগে বুধবার দুপুুরে তরকারি পুড়ে যাওয়ার কারণে গৃহকর্মী মিলনকে মারধর করে সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় কুমার সরকারের স্ত্রী পপি রানী সাহা। তার শরীরে গরম কড়াইয়ের ছেক্যাও দেন তিনি।

সোনাডাঙ্গা থানার অফিসার ইনচার্জ মো. রফিকুল ইসলাম জানান, নরসিংদী জেলার মনোহরদী উপজেলার নিশ্চিন্তপুর এলাকার বাসিন্দা উকিল চন্দ্রের মেয়ে মিলন দাশ। গত ৫ বছর যাবত সোনাডাঙ্গা থানার এএসআই সঞ্জয় কুমার সরকারের বাড়িতে গৃহপরিচারিকার কাজ করে আসছেন। গতকাল বুধবার বিষয়টি জানাজানি হলে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে গৃহকর্মী মিলনকে উদ্ধার করে ভিকটিম সাপোর্ট সেন্টার আনা হয়। বিকেলে পুলিশ কর্মকর্তাদের থানা হেফাজতে নেওয়া হয়। রাতে গৃহকর্মী মিলনের পরিবারকে খবর দেওয়া হয়। তারা সকালে খুলনার সোনাডাঙ্গা থানায় আসেন এবং ভিকটিমের মা মিনতি রানী বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন।

তিনি আরও জানান, খুলনায় গৃহকর্মীর ওপর নির্যাতনের ঘটনার ভিডিও চিত্র সারাদেশে আলোচনায় স্থান পায় এবং বিষয়টি দেখে মেয়েটির মা খুলনায় আসার উদ্যোগ নেয়।

তিনি জানান, গতকাল বুধবার থেকে পুলিশ দম্পত্তি গৃহকর্মী সম্পর্কে আমাদের ভুল তথ্য দিয়ে বিভ্রান্তির মধ্যে ফেলতে থাকে। থানায় মামলা হয়েছে। তাদের দু’জনকে আজ দুপুরের মধ্যে আদালতে প্রেরণ করা হবে।

মানবাধিকার বাস্তবায়ন সংস্থা খুলনার সমন্বয়কারী আইনজীবী মোমিনুল ইসলাম বলেন, তারা দু’জনই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য। তারা যে এ ধরণের অপরাধ করবে তা কোনোভাবে মেনে নেওয়া যায় না। ক্ষতিগ্রস্থ পরিবারকে সার্বিক সহায়তা প্রদান করা হবে।

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন