সোমবার । ২০শে এপ্রিল, ২০২৬ । ৭ই বৈশাখ, ১৪৩৩

নগরীতে দুর্বৃত্তদের হামলায় একই পরিবারের তিনজন আহত

নিজস্ব প্রতিবেদক

খুলনায় একই পরিবারের তিনজনকে কুপিয়েছে দুর্বৃত্তরা। সোমবার ভোর রাত ৫ টার দিকে নগরীর ২১ নং ওয়ার্ডে গ্রিনল্যান্ড আবাসিক এলাকার একটি বস্তিতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশ ওই এলাকার জেল কামালের ছেলে সুমনকে আটক করেছে।

আহতরা হলেন, ঝুমুর আক্তার (২৬), হাসিব শেখ (২০) ও আসলাম গাজী (৩৫)। তারা সকলেই খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয়রা জানায়, খুলনার জোড়াগেট গ্রীনল্যান্ড আবাসিক এলাকার বাসিন্দা সূর্যগাছের বাড়িতে ভোর রাত ৫ টার দিকে ৫-৬ জন দুর্বৃত্ত অস্ত্রসহ প্রবেশ করে। এ সময় তারা ওই তিনজনকে প্রথমে মারধর ও পরে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করে। স্থানীয়রা তাদের তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। এর আগে স্থানীয় বাসিন্দারা জাতীয় জরুরি সেবা ৯৯৯ ফোন দিলে ঘটনাস্থলে পুলিশ যায় এবং সেখান থেকে সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করে পুলিশ।

স্থানীয়রা আরও জানায়, হামলার ঘটনার সাথে ফারুখ শিকদার ও জিম সাদী নামে দু’জন দুর্বৃত্ত জড়িত আছে। তারা একাধিক মামলার আসামি। তাদের সন্ত্রাসী কার্যকলাপে অতিষ্ঠ হয়ে উঠেছে এলাকার মানুষ। তাদের নেতৃত্বে প্রায় এলাকায় অপ্রীতিকর ঘটনা ঘটছে। প্রায় এ সব ঘটনা ঘটলে পুলিশকে জানিয়ে কোনো লাভ হয়নি।

খুলনা থানার এসআই সাত্তার জানান, পুলিশ এ হামলার ঘটনায় সুমন নামে এক দুর্বৃত্তকে আটক করেছে। হামলার সাথে যারা জড়িত আছেন তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করছেন ভুক্তভোগীরা। বাকিদের গ্রেপ্তারে অভিযান চালানো হচ্ছে।

 

খুলনা গেজেট/সাগর/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন