বাঘারপাড়ায় ঘরের দেয়াল চাপা পড়ে শিশুর মৃত্যু

যশোর প্রতিনিধি

যশোরের বাঘারপাড়া উপজেলাার ধলগ্রাম ইউনিয়নের কবিরভিটা গ্রামে মাহিম হোসেন (৯) নামে এক শিশু ঘরের দেয়াল চাপা পড়ে মারা গেছে। সে ওই গ্রামের কৃষক বিল্লাল ফকিরের ছেলে। সোমবার সকালে এ দুর্ঘটনাটি ঘটে।

পরিবারের সদস্যরা জানান, সকাল আটটার দিকে মাহিম বাড়ির পাশে খেলা করছিল। একপর্যায়ে সে নির্মাণাধীন বসতঘরের ইটের কাঁচা গাঁথুনির জন্যে নির্মিত বাঁশের ভারার উপর ওঠে। এসময় হঠাৎ করে দেয়ালটি ধ্বসে পড়ে গেলে নিচে চাপা পড়ে মাহিম। পরে তাকে উদ্ধার করে বাঘারপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়।

বাঘারপাড়া হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ও আবাসিক মেডিকেল অফিসার ডা. কৌশিক আশরাফ বলেন, শিশুর শরীর থেকে প্রচুর রক্তক্ষরণ হয়েছে। তাৎক্ষণিকভাবে রক্ত বন্ধ না হওয়ায় হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দীন বলেন, নিহতের পরিবার থেকে কোনো অভিযোগ না দেয়ায় এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।

খুলনা গেজেট/এমএইচবি

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন