২৫ টাকার জন্য ভ্যানচালককে পিটিয়ে হত্যা

যশোর প্রতিনিধি

যশোরের অভয়নগর উপজেলার ধোপাদি গ্রামে পাওনা ২৫ টাকা না দেয়ায় শুকুর আলী (৫৫) নামে এক ভ্যানচালককে রেঞ্জ দিয়ে পিটিয়ে হত্যা করা হয়েছে।

নিহতের ভাই মকবুল হোসেন জানান, শনিবার সন্ধ্যার পর তার ছোট ভাই শুকুর আলী ধোপাদি গ্রামের দপ্তরিপাড়ার টিটু ফকিরের গ্যারেজের সামনে দিয়ে ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। এসময় তার কাছে পাওনা ২৫ টাকা নিয়ে টিটু ফকিরের কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে টিটু ফকির তার গ্যারেজের রেঞ্জ দিয়ে শুকুর আলীর মাথায় আঘাত করে। এতে ঘটনাস্থলেই মারা যান শুকুর আলী।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে অভয়নগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাক্তার শুভ্রপ্রসুন মুখার্জি জানান, মৃত অবস্থায় ভ্যানচালক শুকুর আলীকে হাসপাতালে আনা হয়েছে।

অভয়নগর থানার অফিসার ইনচার্জ (তদন্ত) মিলন কুমার মন্ডল বলেন, সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। হত্যার সাথে জড়িত টিটু ফকিরকে আটকে অভিযান চলছে।

খুলনা গেজেট/এস আই




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন