যশোরে বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় যুবক নিহত

যশোর প্রতিনিধি

যশোরে অসুস্থ বাবাকে দেখে বাড়ি ফেরার সময় বরযাত্রীবাহী মাইক্রোবাসের চাপায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী এক যুবক। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ভাইজি। রোববার দুপুরে যশোর-মাগুরা সড়কের বাহাদুরপুর এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

নিহত জাহিদ হাসান (৩৫) সদর উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের পাঁচবাড়িয়া গ্রামের আজিজুর রহমানের ছেলে। তিনি একই ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি ছিলেন। আহত শিশুর নাম নাওমি, সে জাহিদের ভাই তৌহিদ হাসানের মেয়ে।

নিহতের চাচাতো ভাই বাবুল হাসান জানান, জাহিদের বাবা আজিজুর রহমান শহরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। তাকে দেখতে ভাইজিকে নিয়ে হাসপাতালে গিয়েছিলেন জাহিদ হাসান। সেখান থেকে ফেরার পথে মাইক্রোবাসের চাপায় তিনি নিহত হন।

প্রত্যক্ষদর্শী মিঠু জানান, বাহাদুরপুরের সেমকো সিএনজি স্টেশনের সামনে সড়কে বিপরীতমুখী একটি বিয়ের গাড়ি বহরের সামনে থাকা প্রাইভেটকারের সঙ্গে জাহিদের মোটরসাইকেলের ধাক্কা লাগে। এতে ছিটকে সড়কে পড়ে যান জাহিদ ও নাওমি। পরে প্রাইভেটকারের পেছনে থাকা একটি মাইক্রোবাস জাহিদ ও শিশু নাওমিকে চাপা দিয়ে চলে যায়। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় চাচা-ভাতিজিকে উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক জাহিদ হাসানকে মৃত ঘোষণা করেন। এরপর শিশু নাওমিকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় স্থানান্তর করা হয়েছে।

খুলনা গেজেট/কেএম

 




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন