সোমবার । ২৫শে মে, ২০২৬ । ১১ই জ্যৈষ্ঠ, ১৪৩৩

মণিরামপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় বাবা নিহত, ছেলে গুরুতর আহত

যশোর প্রতিনিধি

যশোরের মণিরামপুরে গাছের সাথে মোটরসাইকেলের ধাক্কায় শরিফুল ইসলাম (৬২) নামে সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন তার ছেলে আব্দুর রহমান (২৭)। বুধবার রাতে মণিরামপুর উপজেলার শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে এ দুর্ঘটনাটি ঘটেছে।

নিহত শরিফুল ইসলাম শ্যামকুড় ইউপির পাঁচ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি। তিনি ওই ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য। স্থানীয় শ্যামকুড় ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

চেয়ারম্যান মনি বলেন, বুধবার রাত ৮টা ২০ মিনিটের দিকে নিজের মোটরসাইকেলে চড়ে বাড়ি থেকে চিনাটোলা বাজারে যাচ্ছিলেন শরিফুল ইসলাম। মোটরসাইকেল চালাচ্ছিলেন তার ছেলে আব্দুর রহমান। তারা শ্যামকুড় মাধ্যমিক বিদ্যালয়ের সামনে পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে কাঁঠালগাছের সাথে ধাক্কা দেয়। এসময় বাবা-ছেলে দু’জনই গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে মণিরামপুর হাসপাতালে নেয়ার পথে মারা যান শরিফুল ইসলাম।

আহত আব্দুর রহমানকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান চেয়ারম্যান মনি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন