যশোরে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরের একটি ভাড়া বাসা থেকে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (৫ জুলাই) জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ খবর পেয়ে কোতোয়ালি থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।

মৃত যুবকের নাম মোহাম্মদ ইব্রাহিম খলিলুল্লাহ (২৬)। তিনি কেশবপুর উপজেলার ভালুকঘর গ্রামের হাফিজুর রহমানের ছেলে। ইব্রাহিম যশোর সদর উপজেলার মোবারককাঠি এলাকায় ডা. আ. আলীমের বাসার দ্বিতীয় তলায় ভাড়া থাকতেন।

পুলিশ জানায়, গত বৃহস্পতিবার রাতে শংকরপুর মেডিকেল কলেজ রোডের বাসা থেকে খাবার খেয়ে তিনি নিজের ভাড়া বাসায় ফিরে দরজা বন্ধ করে ঘুমিয়ে পড়েন। এরপর শুক্রবার ও শনিবার পরিবারের সদস্যরা মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন রিসিভ করেননি। রবিবার দুপুর ১২টার দিকে বাড়ির লোকজন অনেক ডাকাডাকি করেও সাড়া না পেয়ে জানালা দিয়ে দেখতে পান, তিনি বিছানায় নিস্তেজ অবস্থায় পড়ে আছেন। পরে ৯৯৯-এ ফোন করা হলে কোতোয়ালি থানা পুলিশ এসে স্থানীয়দের সহায়তায় ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে মরদেহ উদ্ধার করে।

পুলিশের প্রাথমিক পর্যবেক্ষণে মৃতের শরীরে কোনো আঘাতের চিহ্ন কিংবা আত্মহত্যার সুস্পষ্ট আলামত পাওয়া যায়নি।

কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল জানিয়েছেন, মৃত্যুর প্রকৃত কারণ জানতে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া গ্রহণ করা হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন