যশোরের সদর উপজেলার হামিদপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ থেকে অজ্ঞাত এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রবিবার (২৯ মার্চ) মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানায়, নিহত ব্যক্তি গত প্রায় তিন মাস ধরে হামিদপুর স্কুল ও বাজার এলাকায় অবস্থান করছিলেন। তিনি মানসিকভাবে ভারসাম্যহীন ছিলেন এবং নিজের নাম-ঠিকানা কিছুই বলতে পারতেন না। স্থানীয়দের দেওয়া খাবার খেয়ে এবং বিদ্যালয়ের মাঠে বা বাজারের বিভিন্ন স্থানে রাত্রিযাপন করতেন।
রবিবার সকালে বিদ্যালয়ের পরিচ্ছন্নতাকর্মী মাঠ পরিষ্কার করতে গিয়ে উত্তর পাশের দেয়ালের কাছে ওই ব্যক্তিকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন। খবর পেয়ে চাঁদপাড়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই সিরাজুল ইসলাম ফোর্সসহ ঘটনাস্থলে পৌঁছান।
এসআই সিরাজুল ইসলাম জানান, সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।

