যশোর সদর উপজেলার ফতেপুরে যান্ত্রিক ত্রুটির কারণে চলন্ত অবস্থায় একটি যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৭ মার্চ) বিকেল সাড়ে ৪টার দিকে যশোর-নড়াইল মহাসড়কে এই ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, নড়াইল এক্সপ্রেসের একটি যাত্রীবাহী বাস যশোরের মনিহার এলাকা থেকে অর্ধশতাধিক যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়। শহর থেকে ১০ কিলোমিটার দূরে ফতেপুর এলাকায় পৌঁছালে হঠাৎ বাসটির ইঞ্জিনে আগুন ধরে যায়। এ সময় বিকট শব্দ হয়ে বাসটি বন্ধ হয়ে গেলে ভেতরে থাকা যাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। তবে আগুন পুরো বাসে ছড়িয়ে পড়ার আগেই যাত্রীরা নিরাপদে নেমে যেতে সক্ষম হন। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বাসটি পুড়ে যায়।
যশোর কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) কাজী বাবুল ইসলাম বলেন, চালক বাসটির ত্রুটির কথা কর্তৃপক্ষকে জানালেও মালিকপক্ষের জোরাজুরিতে তিনি ঢাকার উদ্দেশে রওনা দিতে বাধ্য হন। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে তদন্ত করছি। এ ঘটনায় বাসের ফিটনেস বা মালিকপক্ষের অবহেলার প্রমাণ পাওয়া গেলে অবশ্যই আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

