শুক্রবার । ২৭শে মার্চ, ২০২৬ । ১৩ই চৈত্র, ১৪৩২

যশোরে পরকীয়ার জের ধরে বন্ধুকে ছুরিকাঘাত

নিজস্ব প্রতিবেদক, যশোর

যশোরে পরকীয়া সম্পর্কের জের ধরে নাদিম মাহমুদ (৩০) নামে এক যুবককে কুপিয়ে গুরুতর জখম করা হয়েছে। বর্তমানে তিনি যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আহত নাদিম মাহমুদ শহরের বেজপাড়া আনসার ক্যাম্প এলাকার সাকি শিকদারের ছেলে। শুক্রবার (২৭ মার্চ) রাত ৩টার দিকে যশোর মেডিকেল কলেজের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা গেছে, নাদিমের সঙ্গে তার বন্ধু শামিমের (৩২) স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে, এমন অভিযোগে ক্ষুব্ধ ছিলেন শামিম। এরই জেরে গত রাতে শামিম মোবাইল ফোনে কল করে নাদিমকে যশোর মেডিকেল কলেজের সামনে ডেকে নেন। সেখানে পূর্বপরিকল্পিতভাবে তাকে ধারালো চাকু দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে রক্তাক্ত জখম অবস্থায় ফেলে রেখে পালিয়ে যায় শামিম।

পরে মেডিকেল কলেজের দায়িত্বরত পুলিশ সদস্যরা বিষয়টি টের পেয়ে নাদিমের পরিবারকে খবর দেন। স্বজনরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত শামিম পলাতক রয়েছে।

এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর কাজী বাবুল বলেন, অভিযুক্তকে আটকে পুলিশি তৎপরতা শুরু হয়েছে। অভিযোগ পেলে মামলা গ্রহণ করা হবে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন