মঙ্গলবার । ২৪শে মার্চ, ২০২৬ । ১০ই চৈত্র, ১৪৩২

ঈদের ছুটি শেষে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু

বেনাপোল প্রতিনিধি

পবিত্র ঈদুল ফিতর ও সাপ্তাহিক ছুটি উপলক্ষে টানা ৭দিন বেনাপোল স্থলবন্দর ও কাস্টমসের কার্যক্রমসহ আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। মঙ্গলবার (২৪ মার্চ ) সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি কার্যক্রম শুরু হয়েছে। তবে ছুটিতে ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে দুই দেশে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক ছিল।

বেনাপোল বন্দরের সিএন্ডএফ এজেন্ট স্টাফ এসোসিয়েশনের সাধারন সম্পাদক সাজেদুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ পর্যন্ত বেনাপোল-পেট্রাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকেই শুরু হয় আমদানি-রপ্তানি বাণিজ্য। ফলে দু’দেশের বন্দর এলাকায় দেখা দিয়েছে যানজট। বেনাপোলের মতোই পেট্রাপোল বন্দরেও যানজট রয়েছে।

কাস্টমস সূত্র জানায়, গত ৭ দিন আমদানি-রপ্তানি বন্ধ থাকায় প্রায় ১২০ কোটি টাকার রাজস্ব আয় থেকে বঞ্চিত হয়েছে সরকার।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের পরিদর্শক সৈয়দ মোর্তজা জানান, ঈদে টানা ৭ দিন বেনাপোল বন্দর দিয়ে আমদানি-রপ্তানি বন্ধ থাকলেও এ সময় পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্যান্য দিনের মতোই স্বাভাবিক ছিল। ভারত-বাংলাদেশ ভিসা কার্যক্রম সীমিত থাকায় এ সময় যাত্রীদের চাপ ছিল কম। যাতায়াতকৃত যাত্রীদের যেন দুর্ভোগ পোহাতে না হয় সে জন্য ইমিগ্রেশনের কর্মকর্তা-কর্মচারীদের স্ট্যান্ডবাই রাখা হয়েছিল।

বেনাপোল বন্দরের পরিচালক (ট্রাফিক) শামীম হোসেন বলেন, ঈদুল ফিতর উপলক্ষে ১৭ মার্চ থেকে ২৩ মার্চ পর্যন্ত ৭ দিন এ স্থলবন্দর দিয়ে ভারতের সঙ্গে আমদানি-রপ্তানি বাণিজ্য বন্ধ ছিল। মঙ্গলবার সকাল থেকে পুনরায় এ স্থলবন্দর দিয়ে শুরু হয়েছে আমদানি-রপ্তানি।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন