যশোরের চৌগাছায় নির্মাণাধীন ভবনের পাইলিংয়ের কাজ করার সময় মাটি ধসে আজিজুর রহমান (৫৫) নামে এক শ্রমিক নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) দুপুরে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
নিহত আজিজুর রহমান চৌগাছা উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের গদাধরপুর গ্রামের চতুর আলীর ছেলে।
স্থানীয়রা ও হাসপাতাল সূত্রে জানা যায়, এদিন দুপুর ১২টা ২০ মিনিটের দিকে আজিজুর রহমান একটি নির্মাণাধীন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনের জন্য পাইলিংয়ের কাজ করছিলো। এ সময় হঠাৎ ওপর থেকে মাটির একটি বড় স্তূপ তার ওপর ধসে পড়লে তিনি মাটির নিচে আটকে যান। সহকর্মী ও পার্শ্ববর্তী শ্রমিকরা দ্রুত তাকে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য তাকে যশোর জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় বেলা ২টা ৩০ মিনিটে তার মৃত্যু হয়।

