বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

মনিরামপুরে যুবককে কুপিয়ে হত্যা, লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, যশোর

মনিরামপুর উপজেলার পল্লিতে আরিফ হোসেন (২৫) নামে এক যুবককে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। পরে তার মরদেহ মাছের ঘেরে ফেলে রেখে পালিয়ে যায় তারা। সোমবার (২ মার্চ) সকালে উপজেলার নেহালপুর ইউনিয়নের বালিধা বৈরাগী মোড় সংলগ্ন একটি ঘের থেকে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহত আরিফ হোসেন স্থানীয় গরু ব্যবসায়ী আতিয়ার রহমানের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বালিধা বৈরাগী মোড় সংলগ্ন আনোয়ার ফকিরের মাছের ঘেরের পাড়ে রক্তের দাগ দেখে পথচারীদের সন্দেহ হয়। পরে ঘেরের পানিতে মরদেহ ভাসতে দেখে তারা পুলিশে খবর দেন। ধারণা করা হচ্ছে, রবিবার রাতের কোনো এক সময় নির্জন স্থানে আরিফকে পেয়ে দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে। এরপর আলামত গোপনের উদ্দেশ্যে মরদেহটি ঘেরের পানিতে ফেলে পালিয়ে যায়।

খবর পেয়ে মনিরামপুর থানা ও নেহালপুর পুলিশ ফাঁড়ির সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। পুলিশ সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহতের শরীরে ধারালো অস্ত্রের একাধিক গভীর ক্ষতচিহ্ন পাওয়া গেছে।

মনিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রজিউল্লাহ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হত্যাকাণ্ডের প্রকৃত কারণ এখনো উদ্ঘাটিত হয়নি। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশত্রুতার জেরে এ ঘটনা ঘটতে পারে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশি অভিযান শুরু হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন