বুধবার । ২৫শে মার্চ, ২০২৬ । ১১ই চৈত্র, ১৪৩২

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়া বিএনপি সরকারের অঙ্গীকার: প্রতিমন্ত্রী অমিত

নিজস্ব প্রতিবেদক, যশোর

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা এবং রাজনৈতিক অঙ্গীকার মাদক, সন্ত্রাস, চাঁদাবাজ ও কিশোর গ্যাংয়ের দৌরাত্ম্য থেকে সমাজকে মুক্ত করা। যে কোনো মূল্যে এই অঙ্গীকার বাস্তবায়ন করা হবে এবং মাদক-সন্ত্রাসীদের পক্ষে বিএনপি কোনো পৃষ্ঠপোষকতা করবে না।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) যশোর জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও পুলিশ বিভাগের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, মানুষের জন্য স্বস্তিদায়ক পরিবেশ নিশ্চিত করতে হবে। যশোর সীমান্তবর্তী এলাকা হওয়ায় এখানে মাদকের বিস্তার বেশি। তাই মাদক আসা রুটগুলো চিহ্নিত করে নজরদারি বাড়াতে হবে।

তিনি আরও বলেন, মাদক কারবারি ও সন্ত্রাসীরা প্রায়শই রাজনৈতিক, সামাজিক বা প্রশাসনিক পৃষ্ঠপোষকতা পায়। যারা আড়ালে থেকে এসব অপকর্মকে সমর্থন দেয়, তাদের চিহ্নিত করে তালিকা তৈরি করতে হবে।

দলের নেতাকর্মীদের সতর্ক করে প্রতিমন্ত্রী বলেন, বিএনপির কোনো নেতাকর্মী মাদক বা সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হলে কোনো ছাড় দেওয়া হবে না। কেউ এ ধরনের কর্মকাণ্ডে জড়ালে তিনি দলের আদর্শচ্যুত হবেন এবং তার দায় দল নেবে না।

প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন, কেউ বিএনপি হওয়ার চেষ্টা করবেন না, পেশাদারিত্বের সাথে কাজ করবেন। রাজনৈতিক বা ধর্মীয় বিশ্বাসের ভিন্নতার কারণে কেউ যেন জুলুমের শিকার না হন। প্রকৃত অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। সরকার আপনাদের সর্বাত্মক সহযোগিতা করবে।

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসানের সভাপতিত্বে মতবিনিময় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার আবুল বাশার ও রুহুল আমিন, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক রফিকুল হাসান প্রমুখ।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন