যশোরে সোয়া কোটি টাকা মূল্যের স্বর্ণের বারসহ আব্দুর রউফ (৪২) নামে এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার (২৫ ফেব্রুয়ারি) ভোর সাড়ে ৫টার দিকে যশোর-বেনাপোল মহাসড়কের দরগাহ ফিলিং স্টেশন এলাকা থেকে তাকে আটক করা হয়।
আটক আব্দুর রউফ শার্শা উপজেলার লাউতাড়া গ্রামের মৃত আবুল হোসেনের ছেলে।
উদ্ধারকৃত স্বর্ণের ওজন ৫৮২ গ্রাম এবং এর মূল্য এক কোটি ৩০ লাখ ২৫ হাজার ১৬০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যশোর-বেনাপোল মহাসড়কের গাজীর দরগাহ এলাকায় অভিযান চালায় বিজিবি। এ সময় স্বর্ণ পাচারকারী চক্রের সদস্য আব্দুর রউফকে আটক করা হয়। পরে তার দেহ তল্লাশি করলে প্যান্টের পকেটে বিশেষ ধরনের কাগজে মোড়ানো অবস্থায় ৫টি স্বর্ণের বার পাওয়া যায়।
যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাইফুল্লাহ্ সিদ্দিকী জানান, আটক আসামি বারগুলো ভারতে পাচারের উদ্দেশে নিয়ে যাচ্ছিলেন। তিনি ঢাকার ধোলাইপাড় এলাকার চোরাকারবারিদের কাছ থেকে স্বর্ণের বারগুলো সংগ্রহ করে বেনাপোল গমন করছিলেন।
তিনি আরও বলেন, ভারতে পাচারের সময় বেনাপোলে স্ক্যানিং মেশিনে স্বর্ণের বারগুলো শনাক্ত করা সম্ভব হয় না। আটককৃতের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

