উপ-সহকারী প্রকৌশলী পদের নিয়োগে নতুন সুপারিশ বাতিলের দাবিতে যশোরের হাইকোর্ট মোড়ে সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন পলিটেকনিক শিক্ষার্থীরা। মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে শত শত শিক্ষার্থী সড়কে অবস্থান নিলে শহরের গুরুত্বপূর্ণ এই মোড় দিয়ে সব ধরনের যান চলাচল বন্ধ হয়ে যায়।
শিক্ষার্থীরা জানান, সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের ডিপ্লোমা ইঞ্জিনিয়াররা দীর্ঘকাল ধরে দশম গ্রেডের উপ-সহকারী প্রকৌশলী পদে নিয়োগ পেয়ে আসছেন। কিন্তু সম্প্রতি এই পদে বিএসসি প্রকৌশলীদের নিয়োগ দেওয়ার বিধান করার সুপারিশ করা হয়েছে বলে তারা জানতে পেরেছেন। এই সুপারিশ কার্যকর হলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের কর্মসংস্থান চরম ঝুঁকির মুখে পড়বে।
তাদের দাবি, সহকারী প্রকৌশলী পদে যেমন বিএসসি প্রকৌশলীরা নিয়োগ পান, তেমনি উপ-সহকারী প্রকৌশলী পদটি শুধুমাত্র ডিপ্লোমা প্রকৌশলীদের জন্য সংরক্ষিত রাখতে হবে। সরকারকে অবিলম্বে এই বিতর্কিত সুপারিশ বাতিল করার আহ্বান জানান তারা।
এদিকে, দুপুর সোয়া ১২টা থেকে শুরু হওয়া এই অবরোধের কারণে শহরে তীব্র যানজটের সৃষ্টি হয়। এক ঘণ্টা পর পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
খুলনা গেজেট/এএজে



