ভালোবাসার অনন্য দৃষ্টান্ত

ছোট বোনকে লিভার দিয়ে নতুন জীবন দিলেন বড় বোন

শরণখোলা প্রতিনিধি

রক্তের অটুট সম্পর্কের কাছে হার মেনেছে মরণব্যাধি লিভার সিরোসিস। মৃত্যুর প্রহর গোনা ছোট বোনকে নিজের লিভারের একাংশ দান করে নতুন জীবন উপহার দিয়েছেন বড় বোন। গত শনিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএমইউ) দীর্ঘ ও জটিল অস্ত্রোপচারের মাধ্যমে এই সফল লিভার প্রতিস্থাপন সম্পন্ন হয়। নিঃস্বার্থ ভালোবাসা ও আত্মত্যাগের এই অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছেন বাগেরহাটের শরণখোলা উপজেলার বড় বোন আয়েশা সিদ্দিকা আঁখি।

পারিবারিক সূত্রে জানা গেছে, শরণখোলা উপজেলার ২ নম্বর খোন্তাকাটা ইউনিয়ন পরিষদের সদস্য আলমগীর তালুকদারের ছোট মেয়ে ইসমত আরা ইতি দীর্ঘদিন ধরে লিভার সিরোসিসে ভুগছিলেন। তিনি শরণখোলা সরকারি ডিগ্রি কলেজের উচ্চ মাধ্যমিকের (এইচএসসি) পরীক্ষার্থী। সীমাহীন কষ্টের মাঝে চিকিৎসকরা তাকে বাঁচাতে লিভার প্রতিস্থাপনের পরামর্শ দিলে, পরম মমতায় পাশে দাঁড়ান তার বড় বোন আয়েশা সিদ্দিকা আঁখি। নর্থ ওয়েস্টার্ন ইউনিভার্সিটির সিএসই বিভাগের শিক্ষার্থী আঁখি নিজের জীবনের ঝুঁকি নিয়ে স্বেচ্ছায় ছোট বোনকে লিভারের একটি অংশ দান করার দুঃসাহসিক ও মহৎ সিদ্ধান্ত গ্রহণ করেন।

বিগত পাঁচ মাস ধরে হাসপাতাল, পরীক্ষা-নিরীক্ষা আর রক্তের সন্ধানে এক কঠিন লড়াই চালিয়েছে পরিবারটি। অস্ত্রপচারের আগে সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন স্ট্যাটাসে আঁখি জানান, ছোটোবেলায় বোনদের আক্ষেপ ঘোচাতে সবসময় বলতেন তিনিই তাদের ভাই, তিনিই তাদের বোন। একজন ভাই তার বোনের জন্য যা করতে পারে, তিনি আজীবন তা-ই করবেন। নিজের লিভার দান প্রসঙ্গে আঁখি লিখেছেন, ছোট বোন সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরবে- এটাই তার কাছে সবচেয়ে বড় প্রাপ্তি। এটিকে কোনো ত্যাগ নয়, বরং নিজের দায়িত্ব ও ভালোবাসা হিসেবেই অবিহিত করেন তিনি।

লিভার সিরোসিসের মতো এমন জটিল ও ব্যয়বহুল চিকিৎসা সাধারণ একটি পরিবারের জন্য অত্যন্ত কঠিন হলেও ইতির চিকিৎসায় স্থানীয় সর্বস্তরের মানুষ স্বতঃস্ফুর্তভাবে এগিয়ে আসেন। স্থানীয় সংবাদকর্মী, কনটেন্ট ক্রিয়েটর ও নেটিজেনরা সামাজিক যোগাযোগমাধ্যমে জোরালো ক্যাম্পেইন চালিয়ে অর্থ সংগ্রহ করেন। দেশ-বিদেশের বহু হৃদয়বান মানুষের আর্থিক সহায়তা ও স্বেচ্ছাসেবী রক্তদাতাদের সম্মিলিত প্রচেষ্টাতেই এই অস্ত্রোপচারের পটভূমি তৈরি হয়। চূড়ান্ত অস্ত্রপচারের আগে পিতা আলমগীর তালুকদার এক বোনের এই আত্মত্যাগ যেন অন্যজনের জীবনের আলো হয়ে ওঠে, সেই প্রার্থনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছিলেন।

দীর্ঘ ও জটিল এই অস্ত্রোপচার সফল হওয়ার পর হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, দুই বোনই বর্তমানে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। উৎকণ্ঠার প্রহর শেষে অপারেশন সফল হওয়ায় ইতির পরিবার বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের লিভার ট্রান্সপ্লান্ট টিমের চিকিৎসক, নার্স ও সহায়তাকারী সকলের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছে। পাশাপাশি আর্থিক সহায়তা ও রক্ত দিয়ে যারা পাশে ছিলেন, তাদেরও ধন্যবাদ জানিয়েছেন পিতা আলমগীর তালুকদার।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন