বুধবার । ১লা জুলাই, ২০২৬ । ১৭ই আষাঢ়, ১৪৩৩

শরণখোলায় স্কুল ফিডিংয়ের খাবার ডিম খেয়ে ১১ শিক্ষার্থী অসুস্থ

শরণখোলা প্রতিনিধি

বাগেরহাটের শরণখোলায় স্কুল ফিডিংয়ের ডিম খেয়ে একটি প্রাথমিক বিদ্যালয়ের ১১ শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়েছে। বুধবার (১ জুলাই) দুপুরে উপজেলার ৯৮ নম্বর পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। পরে তাদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।

অসুস্থ শিক্ষার্থীরা হলো- রুমানা, আব্দুন নূর, রাবেয়া, ফারিয়া, মিতু, সুমা, আফিফা, হুমায়রা, তামান্না, তানজিলা ও সিফা।

ছাত্র-ছাত্রীর অভিভাবক ও হাসপাতাল সূত্রে জানা যায়, শরণখোলা উপজেলার ধানসাগর ইউনিয়নের ৯৮ নং পূর্ব ধানসাগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয়, চতুর্থ ওপঞ্চম শ্রেণির ছাত্র-ছাত্রীদের দুপুরে টিফিন দেওয়া হয়। টিফিনের মধ্যে দেওয়া ডিম খেয়ে ১১ টি শিশু হঠাৎ অসুস্থ হয়ে পড়ে। তারা জানায়, ডিম খাওয়ার পরে তাদের প্রচুর পেটে ব্যথা ও শ্বাসকষ্ট শুরু হয়। তাৎক্ষণিক প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক ও তার সহকর্মীরা শিশুদেরকে উপজেলার রায়েন্দা পাঁচ রাস্তার মোড় সংলগ্ন গ্রামীণ জেনারেল হসপিটালে ভর্তি করে।

গ্রামীণ জেনারেল হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক মেডিকেল অফিসার শাকিল কায়সার বলেন, স্যালাইন সহ অন্যান্য ওষুধ দিয়ে সুস্থতা করার চেষ্টা করা হচ্ছে।

খাদ্য সরবরাহকারী আলিম আল রাজী মুক্তি বলেন, গত শনিবার দুর্যোগপূর্ণ আবহাওয়ার জন্য ডিম দিতে পারেননি সেই ডিমটি রবিবার পৌঁছানো হয়েছে। সেই ডিম হয়তো তারা বুধবার সিদ্ধ করে দিয়েছে সেখানে নষ্ট ডিম থাকতে পারে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসিমা আক্তার বলেন, রবিবার যে ডিম দেওয়া হয়েছিল সেই ডিম থেকে কিছু ডিম সিদ্ধ করা হয়েছে। ওই ডিমের মধ্যে কোন সমস্যা থাকতে পারে যার জন্য ডিম খেয়ে শিশুদের পেটে ব্যথা বা শ্বাসকষ্ট হয়েছে।

উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মনির আহমেদ বলেন, বিষয়টা শুনেছেন বর্তমানে বাগেরহাটে মিটিংয়ে থাকায় এ সম্পর্কে বিস্তারিত কিছু জানি না। তবে খোঁজখবর নিচ্ছি। শিশু শিক্ষার্থীরা অনেকটা আশঙ্কা মুক্ত।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ভারপ্রাপ্ত ও সহকারী কমিশনার ভূমি অর্থিতা হাওলাদার বলেন, তিনি বিষয়টা শুনেছি এবং খোঁজখবর নিচ্ছি এবং ওই ডিমে যদি কোন সমস্যা থেকে থাকে তদন্ত সাপেক্ষে যদি কেউ দোষী সাব্যস্ত হয় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন