মোংলা নদীর ওপর দীর্ঘ ২৫ বছরের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটিয়ে অবশেষে ২৪ ঘণ্টার ফেরি সার্ভিস চালু হয়েছে। শনিবার (২৭ জুন) সকালে স্থায়ী বন্দর বাসস্ট্যান্ডসংলগ্ন ফেরিঘাটে দুটি ফেরির এ সেবার উদ্বোধন করেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী লায়ন ড. শেখ ফরিদুল ইসলাম।
২০০১ সালে ফেরি সার্ভিস চালুর পর থেকে নদীটিতে কেবল জোয়ারের সময় ফেরি চলাচল করত। জোয়ার শেষ হওয়ার সঙ্গে সঙ্গে ফেরি চলাচল বন্ধ হয়ে যেত, যা মোংলা বন্দর, ইপিজেড ও স্থানীয় শিল্পাঞ্চলের হাজারো মানুষের নিত্যদিনের যাতায়াত এবং পণ্য পরিবহনে বড় ধরনের বাধা হয়ে দাঁড়িয়েছিল।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী বলেন, জনদুর্ভোগ নিরসন এবং সেবায় স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা এ উদ্যোগ নিয়েছি। মোংলা নদীর ওপর স্থায়ী সেতু নির্মাণ না হওয়া পর্যন্ত এই দুটি ফেরি ২৪ ঘণ্টা সচল থাকবে।
তিনি আরও জানান, ফেরিঘাটে ভাড়ার তালিকা টাঙানো বাধ্যতামূলক করা হয়েছে এবং অতিরিক্ত ভাড়া আদায় কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে বাগেরহাটের অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) অনুপ দাস, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আশরাফুল ইসলাম প্রামাণিক, মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও পৌর প্রশাসক শারমিন আক্তার সুমি এবং মোংলা পোর্ট পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি মো. জুলফিকার আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
স্থানীয়দের প্রত্যাশা, সার্বক্ষণিক ফেরি সার্ভিস চালু হওয়ায় মোড়েলগঞ্জ, শরণখোলা ও রামপালসহ আশপাশের এলাকার মানুষের যাতায়াত আরও সহজ হবে এবং মোংলা বন্দরকেন্দ্রিক ব্যবসা-বাণিজ্যে নতুন গতি সঞ্চার হবে।
খুলনা গেজেট/এএজে

