বাগেরহাটের মোরেলগঞ্জে মীম আক্তার(২৪) নামে স্বামী পরিত্যক্তা প্রতিবন্ধী নারীকে ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে নূর মোহাম্মদ হাওলাদারকে (৭০) গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২১ জুন) বেলা ৭টার দিকে পুলিশ তাকে গ্রেপ্তার করে রিমান্ডের আবেদনসহ বাগেরহাট আদালতে সোপর্দ করে।
আগেরদিন, শনিবার রাত ৮টার দিকে উত্তর ফুলহাতা গ্রামের ভ্যান শ্রমিক মিলন জোমাদ্দারের প্রতিবন্ধী মেয়ে মীম শারীরিক যন্ত্রণা নিয়ে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন। এ ঘটনায় মীমের বাবা মিলন জোমাদ্দার বাদি হয়ে থানায় ধর্ষণ চেষ্টাসহ হত্যার অভিযোগে মামলা দায়ের করেন।
মামলায় বলা হয়েছে, মীম আক্তার গত ৫ জুন প্রতিবেশী নূর মোহাম্মদ হাওলাদারের বাড়িতে পানি আনতে গেলে সেখানে তাকে ধর্ষণের চেষ্টা করেন নূর মোহাম্মদ। এরপর থেকেই মেয়েটি গুরুতর অসুস্থ হয়ে পড়েন।
বিষয়টি জানাজানি হলে মেয়েটির চিকিৎসার জন্য স্থানীয় ওয়ার্ড মেম্বারের নিকট কিছু টাকা জমা করেন নূর মোহাম্মদ। ওই টাকা হাতে পেয়ে মীমকে নিয়ে রবিবার (২১ জুন) বাগেরহাটে চিকিৎসার জন্য যাবার কথা ছিলো তার বাবার। কিন্তু এর আগেই শনিবার সন্ধ্যা রাতে মীম মারা যায়। মীমের মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে স্থানীয়রা নূর মোহাম্মদকে আটক করে পুলিশে খবর দেয়।
নূর মোহাম্মদ এর আগে নিজ এলাকায় আবু বকর মহুরী হত্যা মামলায় সাজা খেটেছেন এবং শিশুদেরকে চকলেটের প্রলোভন দেখিয়ে উত্ত্যক্ত করায় এলাকায় ‘চকলেট বাবু” নামে পরিচিত।
থানার ওসি মো. মাহমুদুর রহমান বলেন, প্রতিবন্ধী নারী মীমের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ধর্ষণচেষ্টা সহ হত্যামামলার একমাত্র আসামি নূর মোহাম্মদ হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে।
খুলনা গেজেট/এএজে

