সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

দেশে ফিরলেন ভারতে আটক ৯১ বাংলাদেশি জেলে

মোংলা প্রতিনিধি

বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের সমন্বিত প্রচেষ্টায় ভারতে আটক থাকা ৯১ জন বাংলাদেশি জেলে ও তাদের চারটি মাছ ধরার ট্রলার দেশে ফিরেছেন। সোমবার (৮ জুন) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য নিশ্চিত করেন।

জানা যায়, বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক সমুদ্রসীমা সংলগ্ন ভারতীয় জলসীমায় অবৈধভাবে মাছ শিকারের অভিযোগে গত ১৬ ও ১৭ ডিসেম্বর ২০২৫ এবং ২০ জানুয়ারি ও ১৬ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে ভারতীয় কোস্ট গার্ড চারটি বাংলাদেশি ফিশিং বোটসহ ৯১ জন বাংলাদেশি জেলেকে আটক করে।

পরবর্তীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কূটনৈতিক উদ্যোগ এবং বাংলাদেশ কোস্ট গার্ড ও ভারতীয় কোস্ট গার্ডের পারস্পরিক সমন্বয়ের মাধ্যমে আটক জেলে ও ফিশিং বোটসমূহকে বাংলাদেশে ফিরিয়ে আনার সিদ্ধান্ত গৃহীত হয়।

সেই সিদ্ধান্তের আলোকে গত রবিবার বাংলাদেশ-ভারত আন্তর্জাতিক মেরিটাইম বাউন্ডারি লাইন (IMBL)-এ বাংলাদেশ কোস্ট গার্ডের তত্ত্বাবধানে ভারতীয় কোস্ট গার্ডের কাছ থেকে ৯১ জন বাংলাদেশি জেলে ও চারটি ফিশিং বোট আনুষ্ঠানিকভাবে গ্রহণ করা হয়। এরপর সোমবার দুপুর ১২টায় কোস্ট গার্ড বেইস মোংলায় জেলেদের তাদের নিজ নিজ ফিশিং বোটসহ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

কোস্ট গার্ড সূত্র জানায়, বাংলাদেশ ও ভারতীয় কোস্ট গার্ডের মধ্যে বিদ্যমান সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক, পারস্পরিক সহযোগিতা এবং সমন্বয়ের ফলে এ ধরনের প্রত্যাবর্তন কার্যক্রম আরও সহজ ও গতিশীল হয়েছে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন