সোমবার । ৮ই জুন, ২০২৬ । ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩

ভারতগামী কার্গো জাহাজে ডাকাতির চেষ্টা, গুলিবর্ষণ ও লুটপাট

মোংলা প্রতিনিধি

সুন্দরবনের অভ্যন্তরীণ নৌপথে ভারতগামী পাঁচটি বাণিজ্যিক জাহাজে ডাকাতির চেষ্টা চালিয়েছে একদল সশস্ত্র ব্যক্তি। গত শনিবার সন্ধ্যায় সুন্দরবনের শিবসা নদী পার হয়ে শিংয়েনালা নামক স্থানে এই ঘটনা ঘটে।

বহরে থাকা চারটি জাহাজ দ্রুত গতিতে চালিয়ে নিরাপদে যেতে পারলেও ‘এমভি আব্দুল হাকিম-১’ নামের একটি কার্গো জাহাজে চড়াও হয় ওই সশস্ত্র দলটি। তারা জাহাজে উঠে কর্মীদের মারধর করে এবং মাস্টার কেবিন লক্ষ্য করে গুলিবর্ষণ ও লুটপাট চালায় বলে অভিযোগ উঠেছে।

জাহাজগুলো বাংলাদেশ-ভারত নৌ প্রটোকলের অধীনে ঢাকা থেকে মোংলা বন্দর হয়ে সুন্দরবনের রুট ব্যবহার করে ভারতে যাচ্ছিল। তবে ঘটনার ২৪ ঘণ্টা পার হলেও স্থানীয় পুলিশ কিংবা কোস্টগার্ডের পক্ষ থেকে সুনির্দিষ্ট কোনো পদক্ষেপ বা বক্তব্য পাওয়া যায়নি।

বাংলাদেশ-ভারত নৌ-প্রটোকল কমিটির কার্যকরী সভাপতি মোঃ সিরাজুল ইসলাম জানান, কার্গো জাহাজগুলো খালি ছিল এবং এগুলো ভারত থেকে সিমেন্ট তৈরির কাঁচামাল ‘ফ্লাইঅ্যাশ’ আনতে যাচ্ছিল।

শনিবার দুপুর দুইটার দিকে জাহাজগুলো মোংলা থেকে ভারতের উদ্দেশে ছেড়ে যায়। শেখবাড়িয়া নামক স্থান থেকে মাত্র আধা ঘণ্টার দূরত্বে শিবসা নদী পার হয়ে শিংয়ের নালা খালের ভেতর ঢোকার পরপরই একটি ট্রলারে করে আসা ১০-১৫ জনের একটি সশস্ত্র দল জাহাজগুলোকে ধাওয়া করে।

এ সময় বহরে থাকা অন্য চারটি জাহাজ গতি বাড়িয়ে নিরাপদে চলে যেতে সক্ষম হলেও সবার পেছনে থাকা ‘এমভি আব্দুল হাকিম-১’ জাহাজটিতে লাইফ জ্যাকেট পরিহিত হামলাকারীরা উঠে পড়ে।

তিনি আরও বলেন, ‘সশস্ত্র ব্যক্তিরা জাহাজে উঠেই নিচে থাকা কর্মীদের অস্ত্রের মুখে জিম্মি করে এবং মারধর শুরু করে। বিষয়টি টের পেয়ে মাস্টার দ্রুত ব্রিজের (নিয়ন্ত্রণ কক্ষ) সব গেট আটকে দেন। তারা মাস্টার কেবিনে ঢুকতে না পেরে বন্ধ দরজায় শটগান দিয়ে ১৫-২০ রাউন্ড গুলি চালায়। প্রায় ১৫ মিনিট ধরে জাহাজে অবস্থান করে তারা কর্মীদের মুঠোফোন, নগদ টাকা ও মূল্যবান মালামাল লুটে নিয়ে ইঞ্জিনচালিত ট্রলারে করে পালিয়ে যায়।’

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন