বাগেরহাটের ঢাকা-খুলনা মহাসড়কে যাত্রীবাহী একটি বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে ষাটউর্ধ্ব এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন। রবিবার (৭ জুন) সন্ধ্যায় মোল্লাহাট উপজেলার রহিমা ফিলিং স্টেশনের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আমেনা বেগম (৬০) উপজেলার মোল্লার কুল গ্রামের বাসিন্দা। তার স্বামী দাউদ মোল্লা। দুর্ঘটনার সময় তিনি অটোরিকশায় ছিলেন।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার সন্ধ্যায় ঢাকা-খুলনা মহাসড়কের রহিমা ফিলিং স্টেশনের সামনে ঢাকার উদ্দেশ্যে যাওয়া বলেশ্বর পরিবহন নামক একটি বাসের সঙ্গে অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়ে-মুচড়ে যায়। এতে আমেনা বেগম গুরুতর আহত হন। স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে দ্রুত নিকটস্থ হাসপাতালে নিয়ে গেলে দায়িত্বে থাকা চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।
এ ঘটনায় অটোরিকশায় থাকা আরও চারজন যাত্রী আহত হন। তারা মোল্লাহাট স্বাস্থ্য কমপ্লেক্সে হাসপাতালে চিকিৎসারত অবস্থায় রয়েছেন। তবে, তাদের নাম পরিচয় পাওয়া যায়নি।
এ বিষয়ে মোল্লাহাট হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান হাওলাদার বলেন, দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
খুলনা গেজেট/এএজে

