রামপালে দুর্বৃত্তের হামলায় ইখলাস গাজী (৫০) নামের সাবেক এক যুবলীগ নেতা নিহত হয়েছে। রবিবার (৩১ মে) বেলা ১১টার সময় রামপাল বাসস্ট্যান্ড এলাকার একটি চায়ের দোকানের সামনে এ ঘটনা ঘটে।
নিহত ইখলাস গাজী রামপাল উপজেলার পশু হাসপাতাল মোড় এলাকার বাসিন্দা। তিনি রামপাল উপজেলার সদর ইউনিয়নের যুবলীগের সহ-সভাপতি ছিলেন।
প্রত্যক্ষদর্শী দোকান্দার হুমায়ুন ও স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বেলা ১১টায় ইখলাস গাজী বাসস্ট্যান্ডের হুমায়ুনের চায়ের দোকানে বসে ছিল। এ সময় পার্শ্ববর্তী শ্রীফলতলা গ্রামের মাহাবুবুর রহমান শিকদার ওরফে মাইঝে শিকদার নামের এক দুর্বৃত্ত এখলাস কে উদ্দেশ্য করে প্রথমে গালাগালি করতে থাকে। এক পর্যায়ে তার ওপর অতর্কিত হামলা চালিয়ে কিল, চড় ও ঘুসি মারে। এতে এখলাস আহত হন। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহতের পরিবার ও স্থানীয়রা জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। কি কারণে বা কেন মাইঝে শিকদার তার উপর চড়াও হয়েছে তা জানা যায়নি।
রামপাল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) সুব্রত বিশ্বাস বলেন, ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। নিহত ইখলাস গাজীর মরদেহ উদ্ধার করে প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে ময়না তদন্তের জন্য বাগেরহাট মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে। হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তবে এখন পর্যন্ত কোনো আসামিকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
খুলনা গেজেট/এএজে

