বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিষ্ঠাতা ও সাবেক সফল রাষ্ট্রপতি জিয়াউর রহমান (বীর উত্তম) এর ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে মোংলায় এক অনন্য মানবিক দৃষ্টান্ত স্থাপিত হয়েছে। দিবসটি স্মরণীয় করে রাখতে এবং অসহায় মানুষের পাশে দাঁড়াতে মোংলা পৌরসভার ৯ নং ওয়ার্ডের বাসিন্দা, গৃহহীন নারী হীরা আক্তারকে একটি নতুন ঘর উপহার দেওয়া হয়েছে।
মাননীয় বন ও পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম নিজস্ব উদ্যোগে হীরা আক্তারের থাকার জন্য ছোট্ট একটি জায়গার ওপর এই টেকসই ঘরটি নির্মাণ করে দেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, ৯ নং ওয়ার্ডের বাসিন্দা হীরা আক্তার দীর্ঘদিন ধরে মাথা গোঁজার ঠাঁই না থাকায় চরম অসহায়ত্বের মধ্যে দিন কাটাচ্ছিলেন। রোদ-বৃষ্টি আর ঝড়ের মাঝে জরাজীর্ণ অবস্থায় বসবাস করতে হতো তাকে। শহিদ জিয়ার শাহাদাত বার্ষিকীর পুণ্যলগ্নে পরিবেশ প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম তাঁর এই কষ্টের কথা জানতে পেরে দ্রুত ঘর নির্মাণের ব্যবস্থা করেন।
নতুন ঘর পেয়ে আবেগাপ্লুত হীরা আক্তার বলেন, আমার নিজের একটা ভালো ঘর হবে, তা কখনো ভাবিনি। বৃষ্টির দিনে আর ভিজতে হবে না। জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা করি এবং শেখ ফরিদুল ইসলাম ভাইয়ের প্রতি কৃতজ্ঞতা জানাই, যিনি আমার এই দুঃখ দূর করেছেন।
ঘর হস্তান্তরকালে স্থানীয় নেতৃবৃন্দ বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সবসময় দুঃখী ও মেহনতি মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করে গেছেন। তাঁর ৪৫তম শাহাদাত বার্ষিকীতে কেবল আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে, একজন গৃহহীন মানুষকে পুনর্বাসন করার এই উদ্যোগ শহীদ জিয়ার বহুদলীয় গণতন্ত্র ও জনকল্যাণমুখী রাজনীতির আদর্শেরই প্রতিফলন।
এ সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সর্বস্তরের সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। প্রতিমন্ত্রীর এমন মানবিক কাজের প্রশংসা করে এলাকার সাধারণ মানুষ জানান, এই ধরনের জনবান্ধব কর্মসূচি সমাজে ইতিবাচক বার্তা ছড়ায় এবং অসহায় মানুষের মনে বেঁচে থাকার নতুন আশা জোগায়।
খুলনা গেজেট/এএজে

