১৫৩ রানের লিড নিয়ে দিন শেষ বাংলাদেশের

ক্রীড়া প্রতিবেদক

শেষ সেশনে অস্ট্রেলিয়ার আচমকা ঝড়ে ধুঁকতে হয়েছে বাংলাদেশকে। নতুন বল পেয়ে দমকা বাতাসের মতো বাংলাদেশের মিডলঅর্ডার গুঁড়িয়ে দেয় অজিরা। তবু সামগ্রিক বিচারে দিনটা কথা বলল বাংলাদেশের হয়েই।

ডারউইন টেস্টের দ্বিতীয় দিন শেষে ৬ উইকেট হারিয়ে ৩৫১ রান করেছে বাংলাদেশ। ৪ উইকেট হাতে রেখে ১৫৩ রানের লিড নিয়েছে সফরকারীরা। এর আগে হাসান মাহমুদের বোলিং তোপে পড়ে প্রথম ইনিংসে ১৯৮ রানে অলআউট হয় অস্ট্রেলিয়া। আচমকা ঝড়ের পর প্রতিরোধ গড়েছেন মেহেদী হাসান মিরাজ। ৩২ রান নিয়ে তৃতীয় দিনে ব্যাট করতে নামবেন সদ্য সাবেক ওয়ানডে দলপতি। তাঁর সঙ্গী হাসান মাহমুদ ১৩ রানে অপরাজিত আছেন। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন ৪৩ রান যোগ করেছেন তাঁরা।

৬ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে দিয়ে প্রথম দিনের পুরো আলোটাই নিজের দিকে টেনে নেন হাসান। দ্বিতীয় দিনের সবচেয়ে বড় নাম হয়ে থাকলেন তানজিদ হাসান তামিম। দারুণ এক সেঞ্চুরিতে বাংলাদেশের লিড নেওয়ার বড় কারিগর এই ওপেনার। শাহরিয়ার নাফিসের পর দ্বিতীয় বাংলাদেশি ব্যাটার হিসেবে অস্ট্রেলিয়ার বিপক্ষে সেঞ্চুরি তুলে নেন তানজিদ। নাথান লায়নের বলে মিচেল স্টার্কের হাতে ধরা পড়ার আগে ৮ চার ও ১ ছক্কায় ১০১ রানের ইনিংস খেলেন তিনি।

আউট হওয়ার আগে উদ্বোধনী জুটিতে সাদমান ইসলামের সঙ্গে ৩৬ রানের পর দ্বিতীয় উইকেটে মুমিনুল হককে নিয়ে ১০২ রানের গুরুত্বপূর্ণ জুটি গড়েন তানজিদ। আউট হওয়ার আগে শান্তকে নিয়ে স্কোরবোর্ডে আরও ৯৩ রান যোগ করেন এই ব্যাটার।

তানজিদের দেখানো পথে হেঁটে সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়েছিলেন শান্ত। অধিনায়কের ইনিংস থেমেছে ৮৪ রানে। জশ হ্যাজলউডের বলে স্লিপে স্টিভ স্মিথের হাতে ধরা পড়েন তিনি। শান্তর বিদায়ের পর পরই ফেরেন লিটন দাস ও মুশফিক। চোট কাটিয়ে ফেরা লিটন আউট হন ডাক মেরে। ক্রিজে থিতু হওয়া মুশফিক বড় ইনিংস খেলার সুযোগ হাতছাড়া করেছেন ৩৬ রানে আউট হয়ে। এই তিনজন বিদায় নেন মাত্র ১১ রানের ব্যবধানে। এদিন অস্ট্রেলিয়ার প্রাপ্তি বলতে এতটুকুই। বাকি সময়ে দাপট ছিল বাংলাদেশের ব্যাটারদের।

৯৬ রানে ১ উইকেট হারিয়ে দ্বিতীয় দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। মুমিনুল হক ৩৫ ও তানজিদ হাসান তামিম ৩৫ রান নিয়ে ব্যাট করতে নামেন। দিনের প্রথম সেশনে ৮৫ রান করে বাংলাদেশ। বিপরীতে ৪৯ রান করা মুমিনুলকে হারায় অতিথিরা। সঙ্গী হারানো তানজিদ আউট হন দ্বিতীয় সেশনে। চা বিরতিতে যাওয়ার আগে দ্বিতীয় সেশনে ১ উইকেট হারিয়ে ১০৫ রান করে বাংলাদেশ। টানা দুই সেশনে বাংলাদেশের দাপট দেখার পর শেষ সেশনে স্বস্তি পায় অস্ট্রেলিয়া। তবে শান্তদের ১৫০ রানের লিড ম্যাচ থেকে তাদের পিছিয়েই রাখছে।

অস্ট্রেলিয়ার হয়ে দুটি করে উইকেট নেন হ্যাজলউড ও স্টার্ক। কাকতালীয়ভাবে দুজনই দিয়েছেন সমান ৬৮ রান। এ ছাড়া কামিন্স ও লায়নের শিকার একটি করে উইকেট।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন