হিমবাহ ধসে আকস্মিক বন্যায় স্মরণকালের ভয়াবহ দুর্যোগের কবলে পড়েছে নেপাল। কাদা-পাথর-জঞ্জালের স্তূপ থেকে প্রতিদিন উদ্ধার হচ্ছে মরদেহ। বিপর্যয় কাটিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় হিমালয়ের দেশটি। এর মধ্যেই খবর, বাংলাদেশের সঙ্গে সিরিজ খেলার প্রস্তাব দিয়েছে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন।
জানা গেছে, বিসিবিকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাব দিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড। এ বিষয়ে নিশ্চিত করেছেন বিসিবির ক্রিকেট অপারেশন্সের ইনচার্জ শাহরিয়ার নাফীস।
শনিবার (১২ সেপ্টেম্বর) মিরপুরে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে নাফীস বলেন, নেপাল ক্রিকেট বোর্ড আমাদের কাছে বেশ কিছুদিন আগেই একটা প্রস্তাব পাঠিয়েছিল। যেখানে ওরা বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার একটা আগ্রহ প্রকাশ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড সেই বিষয়কে খুবই ইতিবাচকভাবে নিয়েছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের মধ্যে কথা হচ্ছে।
যদি সবকিছু ঠিকঠাক মতো মেলে, কারণ আমরা জানি যে আমাদের এফটিপিটা খুবই প্যাকড। এরপরও আমরা এই সাইকেলের (চক্র) মধ্যে একটা সুবিধাজনক সময় বেছে নেওয়ার চেষ্টা করছি। সবকিছু ঠিকঠাক মতো হয়, আশা করি এই সিরিজটা আমাদের হতে পারে।
কবে নাগাদ হতে পারে এমন প্রশ্নে নাফীস বললেন, সাইকেলটা তো ২০২৭ সাল পর্যন্ত। এই সাইকেলের মধ্যেই আমাদের ইচ্ছা আছে এবং নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের সেই অনুরোধও আছে। তো এটা আমরা ইতিবাচকভাবেই দেখছি। যখন এটা বলার মতো পর্যায়ে যাবে বা আমরা একটা পজিশনে আসতে পারব যেখানে আমরা বলতে পারব যে হচ্ছে বা হচ্ছে না, তখন আমরা জানিয়ে দিতে পারব। এতটুকু নিশ্চিত করতে পারি যে নেপাল ক্রিকেট অ্যাসোসিয়েশন থেকে যোগাযোগ হয়েছে।
নেপালের সঙ্গে সিরিজের যে কথা হচ্ছে, এটির সঙ্গে সাম্প্রতিক বন্যার কোনো সম্পর্ক আছে কি না এমন প্রশ্নের জবাবে নাফীস বলেন, আমি ব্যক্তিগতভাবে আসলে এই ব্যাপারটা জানি না। যেহেতু ক্রীড়ামন্ত্রী এই ব্যাপারে কথা বলেছেন বা ক্রীড়া মন্ত্রণালয়ের সাথে নেপাল সরকারের একটা যোগাযোগ হয়েছে, এটা ওপরের মহলে হয়ে থাকতে পারে। আমাদের সাথে যে কমিউনিকেশনটা হয়েছে এটার মধ্যে আসলে এই ফ্লাড ইস্যুটা আসেনি।
খুলনা গেজেট/এএজে

