আফ্রিকায় ত্রিদেশীয় সিরিজের ফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক

ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নিলো বাংলাদেশ ইমার্জিং দল। এর মধ্য দিয়ে ২ জয়ে ৪ পয়েন্ট পেয়েছে যুব টাইগাররা। যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল।

শুক্রবার (৭ আগস্ট) ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নামে ইউএসএসএ। শুরুটা ভালোই করে তারা। ওপেনার জেসন মুইরহেড ১ রান করে সাজঘরে ফিরে গেলেও অপর ওপেনার লুডউইচ স্কুল্ড এবং তিনে নামা ডেভিড টিগারের ব্যাটে ভর করে এগিয়েছে ইউএসএসএ–র ইনিংস। ফিফটি হাঁকিয়েছেন দুজনই। ৫৭ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন টিগার। তার আউটেই যেন দিশা হারিয়ে ফেলে ইউএসএসএ।

শেষ দিকে দ্রুত উইকেট হারিয়েছে ইউএসএসএ। ১২৬/১ থেকে তারা মাত্র ১৬৬ রানেই গুঁটিয়ে যায়। বিপরীতে বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন চৌধুরী মোহাম্মদ রিজওয়ান। ২টি করে উইকেট তুলেছেন আমিনুল ইসলাম বিপ্লব এবং রোহানাতদৌলা বর্ষণ।

জবাব দিতে নেমে ব্যর্থ হয়েছেন বাংলাদেশ ইমার্জিংয়ের দুই ওপেনার মাহফিজুল রবিন এবং হাবিবুর রহমান সোহান। পরে হাল ধরেন শাহাদাত হোসেন দিপু এবং ইফতিখার হোসেন ইফতি। ২২ বলে ১৭ রান করে ইফতি বিদায় নিলে ক্রিজে আসেন ইরফান শুক্কুর। ৩৯ বলে তিনি ৫৮ রানের ইনিংস খেলেন। এ ছাড়া ৫৬ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন দিপু।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন