যারা লিখে ওয়াইড বলে বোল্ড হয়, তাদের কোচিংয়ে না আসাই ভালো : তামিম

ক্রীড়া প্রতিবেদক

গত সপ্তাহে অনুষ্ঠিত হয়েছে বিসিবির জেলা ও বিভাগীয় কোচ নিয়োগের পরীক্ষা। যে পরীক্ষায় বসেছিলেন ১৭০ জন। তবে পাস করেছেন মাত্র ৩৮ জন কোচ। তারপরও বিসিবি সভাপতি তামিম ইকবাল জানালেন, জেলা ও বিভাগীয় কোচ নিয়োগের ক্ষেত্রে কোনো সুপারিশ কিংবা অনুরোধ রাখা হবে না। দেশের ক্রিকেটের ভবিষ্যতের কথা ভেবেই এমন সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বুধবার (২৯ জুলাই) বিসিবির বোর্ড সভা শেষে সংবাদ সম্মেলনে তামিম বলেন, আমাদের স্বীকার করে নিতে হবে যে, ক্রিকেট বোর্ড জেলা-বিভাগীয় কোচ নিয়োগের প্রক্রিয়াটি ঠিকভাবে পরিচালনা করেনি। একটা বিজ্ঞাপন দেয়া হয়েছিল যেখানে নূন্যতম যোগ্যতা হিসেবে প্রথম শ্রেণির ক্রিকেটার বা লেভেল-ওয়ান সম্পন্ন করা কোচদের আবেদন করতে বলা হয়েছিল।

‘২১৮ টা আবেদন জমা পড়েছিল, যেখানে অন্তত ৯০ জন সেই মানদণ্ডে পড়েন না। কিন্তু বোর্ড অভ্যন্তরীণভাবে সিদ্ধান্ত নেয় তাদের আবেদন গ্রহণ করা হবে। আমার মনে হয়, এখানে আমাদের ভুল ছিল। কারণ আরও ১০-১৫ জন থাকতে পারেন যারা এই মানদণ্ড বেঁধে দেওয়ার কারণে আবেদন করেননি। যদি আমরা ৯০ জনকে সেই সুযোগ দিতে পারি তাহলে বাকিদের কেন দেব না!’-যোগ করেন তিনি।

তামিম আরো বলেন, আমার মনে হয় কোচ নিয়োগ প্রক্রিয়ায় ব্যবহারিককে বেশি প্রাধান্য দেয়া উচিৎ। অবশ্যই লিখিত পরীক্ষার জন্য মৌলিক জ্ঞান থাকতে হবে, ভাইবাও দিতে হবে, সেটাতে আমিও একমত। নতুন করে কোচ নিয়োগের জন্য যে বিজ্ঞাপন দেয়া হয়েছে সেখানে আমরা সবাইকে আবারো আবেদন করতে বলেছি। এখন লিখিত ও ব্যবহারিক সম্পন্ন করার পর একটা ফলাফল দেয়া হবে। সেখানে যারা পাশ করবে তাদের ভাইবার জন্য ডাকা হবে।

পরে কোচদের মৌলিক জ্ঞান নিয়ে প্রশ্ন তুলে তামিম বলেন, আমি কোচদের কিছু পরীক্ষার খাতা দেখেছি। সেখানে একটা প্রশ্ন ছিল, ওয়াইড বলে কী কী আউট হওয়া যায়। সেখানে একটা উত্তর দেখলাম বোল্ড আর এলবিডাব্লিউ। এই ধরনের যারা উত্তর করেছে তাদের কোচিংয়ে না আসাই ভালো। আরেকজন অফ সাইডের পাঁচটি পজিশনের নামের জায়গায় লিখেছেন ‘মিড উইকেট’। কোচিংয়ে মৌলিক জ্ঞানটুকু তো তাদের থাকতে হবে।

কোচ নিয়োগে কারও সুপারিশ গ্রহণ করা হবে না জানালেন বিসিবি সভাপতি, আমি একটা জিনিস পরিষ্কার করে দিতে চাই। আমি এটা ক্রিকেট বোর্ডেও বলেছি। কোচ নিয়োগের ক্ষেত্রে আমি বা আমার ক্রিকেট বোর্ডের কেউ কোনো ধরণের কোনো অনুরোধ গ্রহণ করবে না। সেই সুপারিশ যেকোনো পর্যায় থেকেই হোক না কেন। কোনো কোচ যদি পাশ না করে, সে যদি ভাইবা ভালো না দেয়, ব্যবহারিক ভালো না দেয় আমি কোনো সুপারিশ গ্রহণ করব না। কারণ এটা দেশের ক্রিকেটের ভবিষ্যতের বিষয়।

খুলনা গেজেট/এএজে




খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন