জাপানের কাছে হেরে বিশ্বকাপ খেলা হচ্ছে না বাংলাদেশের

ক্রীড়া প্রতি‌বেদক

বাংলাদেশ অ-২১ হকি দল গত বছর যুব হকিতে বিশ্বকাপ খেলেছিল। এবার সেই লক্ষ্যে যুব এশিয়া কাপে গেলেও সেটা পূরণ হয়নি। শুক্রবার (১১ সেপ্টেম্বর) জাপানকে হারালে বাংলাদেশ ষষ্ঠ স্থান নিশ্চিতের পাশাপাশি বিশ্বকাপ খেলত আগামী আসরের। চীনের মকিতে জাপানের বিপক্ষে ৬-২ গোলে হেরে সেটা বাতিল হয়েছে।

বাংলাদেশ এবার যুব হকির এশিয়া কাপে ভালো খেলতে পারেনি। গ্রুপ পর্যায়ে শুধু কাজাখস্তানের বিপক্ষে জিতেছিল। বাকি তিন ম্যাচ হারায় স্থান নির্ধারণী ম্যাচ পড়েছিল শক্তিশালী জাপানের বিপক্ষে। পাকিস্তানের বিরুদ্ধে হারের পর কোচ মওদুদুর রহমান শুভ জাপানকে হারিয়ে বিশ্বকাপ খেলার আশা ব্যক্ত করেছিলেন। যদিও সেটা পূরণ হয়নি শেষ পর্যন্ত।

জাপান পুরো ম্যাচেই প্রাধান্য বিস্তার করে খেলেছে। প্রথম কোয়ার্টারে ১-০ গোলে এগিয়ে যায়। এরপর খেলা যত গড়িয়েছে বাংলাদেশ ম্যাচ থেকে তত ছিটকে গেছে। এক পর্যায়ে ব্যবধান ৪-০ হয়েছিল। শেষ পর্যন্ত ৬-২ স্কোরলাইনে শেষ হয় খেলা। এতে বাংলাদেশকে এখন সপ্তম স্থানের জন্য লড়তে হবে।

যুব এশিয়া কাপের গত আসর থেকে শীর্ষ ৬ দল বিশ্বকাপে সুযোগ পায়। গত বার বাংলাদেশ ওমানে পঞ্চম স্থান অর্জন করে বিশ্বকাপ নিশ্চিত করেছিল। এবার যুব দলের জন্য বিদেশি কোচ এনেও সফলতা আসেনি। যদিও আমিরুল, সামিন, রকির মতো খেলোয়াড় নেই এই দলে।

খুলনা গেজেট/এএজে




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন