রবিবার । ২২শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৯ই ফাল্গুন, ১৪৩২

আমেরিকায় আসিফ-সাকিব বৈঠক

ক্রীড়া প্রতিবেদক

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশের রাজনীতিতে পটপরিবর্তনের পর টাইগারদের জার্সিতে খেলা হয়নি সাকিব আল হাসানের। মাঝে একবার দেশে ফিরে খেলার সম্ভাবনা জাগলেও শেষ পর্যন্ত আসা হয়নি। যদিও সাম্প্রতিক সময়ে সাকিবের দলে ফেরার সম্ভাবনা ক্রমেই বাড়ছে।

বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) থেকে সাকিবের ব্যাপারে আগেই উদ্যোগ নিয়েছেন পরিচালক আসিফ আকবর। সম্প্রতি নতুন সরকারের পক্ষ থেকেও মিলেছে একই রকম ইঙ্গিত।

নতুন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, সাকিব বা মাশরাফি বিন মর্তুজার মতো ক্রিকেটারদের ফিরিয়ে আনতে সরকার থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে।

তবে জুলাই অভ্যুত্থানের সময় যেহেতু সাকিব শেখ হাসিনা সরকারের অংশ ছিলেন, সেক্ষেত্রে তাকে দলে ফেরানো কতটুকু যৌক্তিক হবে, সেটি নিয়েও আছে অনেকের প্রশ্ন। তার অবশ্য ব্যাখ্যা দিয়েছেন আসিফ আকবর। তুলে এনেছেন সাকিবের সঙ্গে বৈঠকের প্রসঙ্গটিও।

সম্প্রতি একটি বেসরকারি টেলিভিশনে আসিফ আকবর বলেন, ‘সাকিবের অনুশোচনার ব্যপারটা তিনি ফেসবুকে ক্লিয়ার করেছেন ইতোমধ্যে। যেটা আমি দেখিনি। সাকিবের সঙ্গে আমার নিয়মিত কথা হয়, তার ১৭-১৮ বছর বয়স থেকেই। সম্প্রতি আমি আমেরিকায় গিয়েছিলাম, সাকিব বলল সে খেলতে চায়। সে মিডিয়ায় বলেছে সিরিজ খেলে তার ক্যারিয়ার শেষ করতে চায়। এটি তার ডিমান্ড, আকুতি কিংবা অনুভূতি। সাকিব যেহেতু বাংলাদেশের হয়ে এতো সার্ভিস দিয়েছে, তাই আমাদেরও উচিত তাকে একটা উষ্ণ অবসর দেয়া। সেই পরিপ্রেক্ষিতে আমরা বোর্ড মিটিংয়ে সবার সাথে কথা বলেছি। সর্বসম্মতিক্রমে আমরা খেলোয়াড় সাকিবকে বাংলাদেশ দলে চেয়েছি।‘

সাকিবের নামে থাকা মামলা তুলে নিতেও কাজ শুরু করেছে বিসিবি।

আসিফ আকবর বলেন, ‘সাকিবের সঙ্গে কথা বলেছি। সাকিবের নামে যে মামলাগুলো হয়েছে, সেগুলো একটা ফাইল হয়েছে। সেগুলো নিয়ে তার আইনজীবী বিসিবির সঙ্গে কথা বলেছে। আমরা খুব দ্রুততম সময়ে… সম্ভবত রবি-সোমবারের মধ্যেই চেষ্টা করব (ক্রীড়া) মন্ত্রণালয়ে সাকিবের কেস ফাইলগুলো পৌঁছে দিতে। তারপরের দায়িত্ব সরকারের।’

খুলনা গেজেট/এমএনএস




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন