শনিবার । ২১শে ফেব্রুয়ারি, ২০২৬ । ৮ই ফাল্গুন, ১৪৩২

দ্য হানড্রেডের নিলামে বাংলাদেশি ২৩ ক্রিকেটার

ক্রীড়া প্রতিবেদক

ইংল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি ভিত্তিক ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট দ্য হান্ড্রেডের এবারের নিলামে অংশ নিতে নাম লিখিয়েছেন বাংলাদেশের ২৩ জন ক্রিকেটার। ১১ ও ১২ মার্চ লন্ডনে অনুষ্ঠিত হতে যাওয়া এই নিলাম ঘিরে দেশের ক্রিকেট অঙ্গনে তৈরি হয়েছে বাড়তি আগ্রহ, কারণ এবারই প্রথমবারের মতো এত বড় সংখ্যায় বাংলাদেশি ক্রিকেটাররা এই টুর্নামেন্টের নিলামে অন্তর্ভুক্ত হলেন।

তালিকায় আছেন দেশের নিয়মিত ও পরিচিত মুখরা। বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমান রয়েছেন সর্বোচ্চ ভিত্তিমূল্যের ক্যাটাগরিতে। তার ভিত্তিমূল্য নির্ধারণ করা হয়েছে এক লাখ পাউন্ড, যা বাংলাদেশিদের মধ্যে সর্বোচ্চ। সাম্প্রতিক সময়ে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে ধারাবাহিক পারফরম্যান্স এবং অভিজ্ঞতার কারণেই তিনি এই উচ্চ ক্যাটাগরিতে জায়গা পেয়েছেন বলে মনে করা হচ্ছে।

বাংলাদেশিদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ ভিত্তিমূল্য রাখা হয়েছে তরুণ লেগস্পিনার রিশাদ হোসেনের জন্য। তার ভিত্তিমূল্য ৭৫ হাজার পাউন্ড। সম্প্রতি অস্ট্রেলিয়ার বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেনসের হয়ে নিজের প্রথম মৌসুমেই ১৩ উইকেট শিকার করে নজর কাড়েন তিনি। একই সঙ্গে আগামী মৌসুমের পাকিস্তান সুপার লিগেও দল পেয়েছেন রিশাদ, যা তার বাজারমূল্য আরও বাড়িয়েছে।

বাকি ২১ জন বাংলাদেশি ক্রিকেটারের ভিত্তিমূল্য ৩১ হাজার পাউন্ড করে। এদের মধ্যে রয়েছেন নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার। জাতীয় দল ও ঘরোয়া ক্রিকেটে নিয়মিত পারফরম্যান্সের সুবাদে তারা নিলামের তালিকায় জায়গা করে নিয়েছেন।

তবে আলোচনার কেন্দ্রে রয়েছেন আরেক বাংলাদেশি তারকা সাকিব আল হাসান। এবার তিনি নিলামে নাম দেননি। তার অনুপস্থিতি অনেককেই বিস্মিত করেছে, কারণ ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘদিন ধরেই তিনি পরিচিত মুখ।

২০২১ সালে যাত্রা শুরু করা দ্য হান্ড্রেড এখন পর্যন্ত কোনো বাংলাদেশি ক্রিকেটারকে দলে নেয়নি। ফলে এবারের নিলাম বাংলাদেশের জন্য নতুন এক সম্ভাবনার দুয়ার খুলে দিয়েছে। ১৮টি দেশ থেকে প্রায় এক হাজার খেলোয়াড় এবারের নিলামে নিবন্ধন করেছেন, যা প্রতিযোগিতাকে আরও কঠিন করে তুলেছে।

ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে দীর্ঘ অভিজ্ঞতা থাকা মুস্তাফিজুর রহমান ইতোমধ্যে বিভিন্ন লিগে নিয়মিত খেলছেন। তার কাটার ও ডেথ ওভারের দক্ষতা ইংল্যান্ডের কন্ডিশনে কার্যকর হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা। অন্যদিকে রিশাদ হোসেনের ভ্যারিয়েশন ও আক্রমণাত্মক মানসিকতা তাকে দল পাওয়ার দৌড়ে এগিয়ে রাখছে।

আগামী ২১ জুলাই শুরু হতে যাওয়া টুর্নামেন্টে বাংলাদেশের কোনো ক্রিকেটার শেষ পর্যন্ত জায়গা পান কি না, সেটিই এখন দেখার বিষয়। তবে ২৩ জন ক্রিকেটারের একসঙ্গে নিলামে নাম তোলাই প্রমাণ করে, বিশ্ব ক্রিকেটের বাজারে বাংলাদেশের উপস্থিতি দিন দিন আরও শক্তিশালী হয়ে উঠছে।

হানড্রেডের নিলামে নাম লেখানো ক্রিকেটার
মুস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, জাকের আলী, লিটন দাস, মেহেদী হাসান, মেহেদী হাসান মিরাজ, তানজিম হাসান, তানজিদ হাসান, সাইফ হাসান, হাসান মাহমুদ, রিপন মণ্ডল, মোহাম্মদ নাঈম, নাহিদ রানা, শরীফুল ইসলাম, তাইজুল ইসলাম, শামীম হোসেন, পারভেজ হোসেন , নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, সাব্বির রহমান ও সৌম্য সরকার।




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন