রাশিয়ায় শত শত ড্রোন হামলা ইউক্রেনের, নিহত অন্তত ৬

আন্তর্জাতিক ডেস্ক

রাশিয়ার বিভিন্ন এলাকায় এক রাতে ৮০০টির বেশি ড্রোন দিয়ে হামলা করেছে ইউক্রেন। তবে এসব ড্রোনের অধিকাংশই ভূপাতিত ও নিষ্ক্রিয় করেছে রাশিয়ার আকাশ প্রতিরক্ষা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট। যদিও এ হামলায় অন্তত ছয়জন নিহত হয়েছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।

রাশিয়ার দাবি, চলতি বছরের শুরু থেকে এটি ইউক্রেনের সবচেয়ে বড় ড্রোন হামলা।

রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, হামলার বড় একটি অংশের লক্ষ্য ছিল মস্কো অঞ্চল। ওই এলাকায় রাশিয়ার রাজনৈতিক ও অর্থনৈতিক অভিজাতদের অনেকেই বসবাস করেন।

মস্কো অঞ্চলের গভর্নর আন্দ্রেই ভোরোবিয়ভ জানান, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ও ইলেকট্রনিক যুদ্ধ ইউনিট সেখানে ১৮৭টি ড্রোন ভূপাতিত বা নিষ্ক্রিয় করেছে।

রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সাম্প্রতিক সময়ে আকাশপথে হামলা-পাল্টা হামলা ব্যাপকভাবে বেড়েছে। ইউক্রেন ক্রমেই রাশিয়ার ভূখণ্ডের গভীরে ড্রোন হামলা চালাচ্ছে। এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে রয়েছে গুদাম, শিল্পকারখানা, তেল শোধনাগারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা।

ইউক্রেনের পক্ষ থেকে এই হামলা সম্পর্কে তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য পাওয়া যায়নি। তবে রাশিয়ার দাবি অনুযায়ী, এবারের হামলার ব্যাপকতা চলমান যুদ্ধের অন্যতম বড় ড্রোন হামলার ঘটনা।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন