ভারতের নির্মাণাধীন সুড়ঙ্গ ধসে ৭ শ্রমিকের মৃত্যু, আহত ১৪

আন্তর্জাতিক ডেস্ক

ভারতের উত্তরাখণ্ডের চামোলি জেলায় নির্মাণাধীন জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে ভয়াবহ দুর্ঘটনায় নিহত হয়েছেন অন্তত সাত শ্রমিক । এ ঘটনায় আরো ১৪ শ্রমিক আহত হয়েছেন। বৃহস্পতিবার সন্ধ্যায় পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশ ভেঙে পড়ে। এরপররই হঠাৎ করে সুরঙ্গের ভেতরে পানি ঢুকে পড়লে হতাহতের এ ঘটনা ঘটে। আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় প্রশাসনের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানায়, বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় ৭টা নাগাদ চামোলি জেলার পিপলকোটির কাছে মায়াপুর এলাকায় তেহরি হাইড্রো ডেভেলপমেন্ট কর্পোরেশন মালিকানাধীন বিষ্ণুগড়-পিপলকোটি জলবিদ্যুৎ প্রকল্পের নির্মাণার্ধীন সুড়ঙ্গে দুর্ঘটনাটি ঘটে। সেখানে নির্মাণকাজ চালাচ্ছিল হিন্দুস্তান কনস্ট্রাকশন কোম্পানি।

হঠাৎ পাহাড় থেকে ধস নেমে সুড়ঙ্গের একটি অংশে মাটি ও পাথর জমে যায়। একই সঙ্গে সুড়ঙ্গের ভিতরে পানি চুঁইয়ে ঢুকতে শুরু করে। এর জেরে সেখানে কাজ করা শ্রমিকদের একটি বড় অংশ আটকে পড়েন। স্টেট ইমার্জেন্সি অপারেশন সেন্টারের কর্মকর্তাদের দেওয়া তথ্য অনুযায়ী, দুর্ঘটনার পর মোট ২২ জন শ্রমিক সুড়ঙ্গের ভিতরে আটকে পড়েছিলেন।

খবর পেয়েই দ্রুত উদ্ধার অভিযান শুরু করে প্রশাসন। রাত ১১টার মধ্যে ২১ জন শ্রমিককে সুড়ঙ্গ থেকে বের করে আনতে সক্ষম হন উদ্ধারকারীরা। তাদের মধ্যে সাত জনকে মৃত ঘোষণা করা হয়। আহত ১৪ জনকে দ্রুত চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে।

 

খুলনা গেজেট/এনএম




আরও সংবাদ

খুলনা গেজেটের app পেতে ক্লিক করুন